‘ভারতের দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:২১ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশে অবস্থানরত ‘ভারতের দালাল’দের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।
শনিবার (১৬ মে) বিকেলে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীর মাদরাসা ময়দানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, ‘ভারতের দালালদের কারণে আমরা গত ১৯ বছর অনেক কষ্ট পেয়েছি। এদের চিহ্নিত করতে হবে। তাদের হাত-পা ভেঙে দিয়ে পুলিশে সোপর্দ করতে হবে।’
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে অলি বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করছে এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নানা ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে।’
অলি আহমদ বলেন, দেশে বর্তমানে নানা সংকট চলছে। বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে, বড় প্রতিষ্ঠানগুলো কার্যক্রম গুটিয়ে নিচ্ছে, বেকারত্ব বাড়ছে এবং সাধারণ মানুষ দুর্ভোগে আছে।
তিনি চাঁদাবাজি ও দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়েও সমালোচনা করে বলেন, সরকারের উচিৎ বেকার সমস্যা সমাধান, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনা এবং দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া।
