শিক্ষামন্ত্রী
শিক্ষকদের প্রণোদনা বাড়ানোর আশ্বাস, মডেল জেলা হবে বগুড়া
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম
ছবি: বগুড়ার শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
বগুড়াকে শিক্ষা খাতে একটি মডেল জেলায় রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি উচ্চ বিদ্যালয় মাঠে পহেলা বৈশাখ উপলক্ষে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর পাঠদান নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা জরুরি। শিক্ষকদের জন্য উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস দিয়ে তিনি জানান, শিক্ষকদের মর্যাদা ও প্রণোদনা বাড়াতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় পরীক্ষা গ্রহণের সুবিধাসহ বহুমুখী হল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
কৃষক কার্ড কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি এক ধরনের ‘নতুন হালখাতা’। এর মাধ্যমে প্রণোদনা, ভর্তুকি ও অন্যান্য সহায়তা সরাসরি কৃষকদের কাছে পৌঁছাবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকদের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হবে। কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং মধ্যস্বত্বভোগী কমানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, বগুড়া আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুল মজিদ এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রথম ধাপে শিবগঞ্জ উপজেলায় ৩ হাজার ১৪৭ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। এ কার্ডের মাধ্যমে সোনালী ব্যাংকের মাধ্যমে বছরে ২ হাজার ৫০০ টাকা সহায়তা, কৃষি উপকরণ ক্রয়, সহজ ঋণ ও আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের সুযোগ পাবেন কৃষকেরা।
