×

রাজশাহী

লিচুর মৌসুমে বদলে গেছে গুরুদাসপুর, কোটি টাকার লেনদেন

Icon

মো. মাজেম আলী মলিন, গুরুদাসপুর (নাটোর)

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৮:০৫ পিএম

লিচুর মৌসুমে বদলে গেছে গুরুদাসপুর, কোটি টাকার লেনদেন

ছবি : ভোরের কাগজ

বৈশাখের দগ্ধ রোদ আর আষাঢ়ের ভারী বৃষ্টির পালাবদলের মাঝামাঝি সময়ে, যখন প্রকৃতি এক মায়াবী রূপ নেয়, তখনই গুরুদাসপুরের বাগানগুলোতে পাকতে শুরু করে লাল টসটসে মোজাফ্ফর জাতের লিচু। ভোরের আলো ফোটার আগেই কৃষকের পায়ের শব্দ, গাছে ঝুলে থাকা লিচুর থোকা আর আড়তের দিকে ছুটে চলা মানুষের ব্যস্ততা মিলিয়ে তৈরি হয় এক জীবন্ত গ্রামীণ চিত্র। বৈশাখ-আষাঢ়ের এই সময়টিই যেন লিচুর জন্য প্রকৃতির আশীর্বাদ এবং কৃষকের জন্য বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব।

গুরুদাসপুরের প্রতিটি পথ ও বাগান তখন লিচুর লাল রঙে রঙিন হয়ে ওঠে। কৃষকের ঘাম আর প্রকৃতির দান মিলেমিশে গড়ে তোলে এক প্রাণবন্ত অর্থনৈতিক জীবনের অনন্য ছবি।

উত্তরাঞ্চলের অন্যতম লিচুর রাজ্যখ্যাত নাটোরের গুরুদাসপুর উপজেলায় এবার আগেভাগেই পেকেছে জনপ্রিয় মোজাফ্ফর জাতের লিচু। উপজেলার ৫৭০টি বাগানে এখন শোভা পাচ্ছে পরিপক্ব লাল টসটসে লিচু। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর ৪১০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর মধ্যে ৩৯৫ হেক্টরে মোজাফ্ফর এবং ১৫ হেক্টরে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৬৯০ টন এবং সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।

গুরুদাসপুরের একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের প্রায় সর্বত্রই কমবেশি লিচুর চাষ হয়। তবে সবচেয়ে বেশি আবাদ হয়েছে নাজিরপুর ইউনিয়নে। এখানকার বেড়- গঙ্গারামপুর কানু মোল্লার বটতলা এলাকায় গড়ে উঠেছে অন্তত ২০টি অস্থায়ী লিচুর আড়ত। এর মধ্যে রয়েছে মায়ের দোয়া বাণিজ্যালয়, ভাই ভাই ফল ভান্ডার, সততা ফল ভান্ডার, মোল্লা ফল ভান্ডার, বিসমিল্লাহ ফল ভান্ডার, মক্কা-মদিনা ফল ভান্ডার, সোনালি ফল ভান্ডার ও তালুকদার ফল ভান্ডার।

সরেজমিনে দেখা গেছে, নাজিরপুর, জুমাইনগর, মামুদপুর, মোল্লাবাজার, ঝাউপাড়া, বিন্যাবাড়ী ও বিয়াঘাটসহ বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা ভোরেই লিচু নিয়ে আড়তে আসছেন। সকাল ও বিকাল- দুই বেলাতেই প্রকাশ্য ডাকের মাধ্যমে কেনাবেচা চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা বাঁশের ঝুড়িতে লিচু ভরে ট্রাকযোগে পাঠাচ্ছেন ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন মোকামে।

আড়ত সংশ্লিষ্টরা জানান, প্রতিটি ঝুড়িতে গড়ে ২ থেকে আড়াই হাজার লিচু থাকে। একেকটি ট্রাকে দেড় থেকে দুইশো ঝুড়ি পরিবহন করা হয়। বর্তমানে প্রতিদিন প্রায় ১৫টি ট্রাক লিচু দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। মৌসুমের মাঝামাঝি সময়ে এ সংখ্যা বেড়ে ২০ থেকে ২৫ ট্রাকে পৌঁছায়।

লিচুচাষি রবিউল করিম বলেন, গরম বেশি থাকায় কিছু লিচু গাছে ফেটে গেছে এবং কিছু ঝরে পড়েছে। তবে ভালো দাম পাওয়ায় কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া যাচ্ছে।

গোপীনাথপুরের চাষি মকবুল হোসেন বলেন, “এ বছর ১০ বিঘা জমিতে লিচু আবাদ করেছি। ফলন মোটামুটি ভালো। আকার কিছুটা ছোট হলেও দাম ভালো পাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগ না এলে লাভের মুখ দেখতে পারব ইনশাআল্লাহ।”

মায়ের দোয়া বাণিজ্যালয়ের ব্যবসায়ী মাহবুব জানান, ৮ মে শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ উদ্বোধনের পর থেকেই আড়ত জমে উঠেছে। প্রতিদিন হাজারো ক্রেতা আসছেন। তিনি বলেন, রং, আকার ও মানভেদে প্রতি হাজার লিচু ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। শেষের দিকে চায়না-৩ ও বোম্বাই লিচুর দাম আরও বাড়ে।

আড়ত মালিক সমিতির সভাপতি মো. মোতালেব মেম্বর বলেন, প্রতিদিন এখানে কোটি টাকার বেশি লিচুর বাণিজ্য হচ্ছে। এ ব্যবসার সঙ্গে প্রায় ৭ হাজার মানুষের অস্থায়ী কর্মসংস্থান তৈরি হয়েছে। বাগান পাহারা, সংগ্রহ, ঝুড়ি বাঁধাই, পরিবহন ও বিক্রি- সব মিলিয়ে পুরো এলাকা এখন উৎসবমুখর।

তিনি আরও জানান, এ বছর অন্তত ৫০ কোটি টাকার লিচু বিক্রির আশা করা হচ্ছে।

যশোর থেকে আসা পাইকার রাসেল আহসান বলেন, গুরুদাসপুরের লিচুর চাহিদা বেশি। স্বাদ ও মান ভালো হওয়ায় প্রতি বছর এখান থেকে লিচু কিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম বলেন, খরা ও অনাবৃষ্টির কারণে কিছু লিচু ঝরে পড়েছে এবং ফল ছোট হয়েছে। তবে আগাম বাজার ধরতে পারায় চাষিরা ভালো দাম পাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, গুরুদাসপুরের লিচুর সুনাম দেশব্যাপী রয়েছে। আড়ত ও ব্যবসায়ীদের নিরাপত্তা ও সহযোগিতায় প্রশাসন কাজ করছে।

গুরুদাসপুর থানার ওসি মঞ্জুরুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে।

এদিকে সন্ধ্যার পরও আড়তে লিচুর বেচাকেনা থেমে থাকে না। ট্রাকের হেডলাইট, শ্রমিকের হাঁকডাক আর আড়তের আলোয় মুখর থাকে পুরো এলাকা। প্রকৃতির প্রতিকূলতার মাঝেও কৃষকের মুখে হাসি ফুটেছে, যা গুরুদাসপুরের কৃষিভিত্তিক অর্থনীতির বাস্তব প্রতিচ্ছবি।

এ অঞ্চলে লিচুর পাশাপাশি বাংগী, তরমুজ, কুল, আম, পেয়ারা, কলা, রসুন ও মিঠা পানির মাছ মিলিয়ে গড়ে উঠেছে এক সম্ভাবনাময় কৃষি অর্থনীতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পলাতক ফোরকানকে আসামি করে মামলা

একই পরিবারের ৫ জন খুন পলাতক ফোরকানকে আসামি করে মামলা

মিয়ানমারে আটক ১৪ জেলেকে ফেরত আনলো বিজিবি

মিয়ানমারে আটক ১৪ জেলেকে ফেরত আনলো বিজিবি

ক্যাচ মিসের মাশুল দিচ্ছে বাংলাদেশ, আক্ষেপ সালাউদ্দিনের

ক্যাচ মিসের মাশুল দিচ্ছে বাংলাদেশ, আক্ষেপ সালাউদ্দিনের

বিশ্বকাপের এক মাস আগেই স্কুল ছুটির ঘোষণা, দেশজুড়ে সমালোচনা

বিশ্বকাপের এক মাস আগেই স্কুল ছুটির ঘোষণা, দেশজুড়ে সমালোচনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App