একদিনে যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল ফিতরের ছুটি শুরু হতেই নাড়ির টানে কর্মস্থল ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দলে দলে ঘরে ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। এর ফলে যমুনা সেতুতে যানবাহনের চাপ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ টাকারও বেশি (প্রায় সোয়া তিন কোটি টাকা)।
সোমবার (২৫ মে) সকালে বিষয়টি ডিনশ্চিত করেন যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন।
তিনি বলেন, রোববার (২৪ মে) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে তিন কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা।
এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ২২ হাজার ১১২টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা।
অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৭ হাজার ৮০৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
ঈদের সরকারি ছুটি সোমবার থেকে শুরু হলেও গত শুক্রবার (২২ মে) বিকেল থেকে যানবাহনের চাপ বেড়েছে যমুনা সেতুতে। যানবাহনের চাপ সামলাতে নিয়মিত ১৪টি বুথের সঙ্গে আরও চারটি বুথ চালু করা হয়েছে।
