৪৬ ঘণ্টা পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র
মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০২:০৬ পিএম
ফাইল ছবি
পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ৪৬ ঘণ্টা পর উৎপাদনে ফিরেছে। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে (শুক্রবার রাত ১০টা) ১ নম্বর ইউনিট থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ইউনিটটি উৎপাদনে যাওয়ায় এ অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা অনেকটা কমেছে।
উল্লেখ্য, ৫২৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটির তিনটি ইউনিটের একমাত্র সচল ১ নম্বর ইউনিটটি গত বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১০টা ১০ মিনিটে কোল মিলে সমস্যা দেখা দিলে বন্ধ হয়ে যায়। এর ফলে বিদ্যুৎকেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।
