আইপিএলের ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কড়া সমালোচনা করলেন পোলার্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম
কাইরন পোলার্ড। ছবি- সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আলোচিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে এবার সরাসরি নেতিবাচক অবস্থানে দাঁড়ালেন ক্যারিবীয় কিংবদন্তি কাইরন পোলার্ড। শুরু থেকেই ক্রিকেটের এই নতুন সংযোজন নিয়ে নানা মহলে তর্ক-বিতর্ক চললেও মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ পোলার্ড স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি ব্যক্তিগতভাবে এই নিয়মের ঘোর বিরোধী।
২০১০ সাল থেকে আইপিএলের অংশ হয়ে থাকা পোলার্ড মনে করেন, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে আইপিএলের স্কোরবোর্ডে অনেক বেশি রান হলেও ক্রিকেটের মৌলিকত্ব এবং খেলোয়াড়দের দক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মতে, এই নিয়মটি টি-টোয়েন্টি ক্রিকেটের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে কেবল স্কোরবোর্ডের রান বাড়াতেই সহায়তা করছে।
খেলোয়াড়ি জীবন চুকিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচের দায়িত্বে থাকা পোলার্ড বলেন, ‘আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করেন যে আমি এটি পছন্দ করি কি না, তবে আমি সোজাসুজি বলতে পারি—আমি এর সমর্থক নই।’ তার যুক্তি অনুযায়ী, আইপিএলে দ্রুত কয়েকটি উইকেট হারানোর পরও ইমপ্যাক্ট প্লেয়ারের কারণে দলগুলো বাড়তি ব্যাটার ব্যবহার করতে পারছে, যা আন্তর্জাতিক ক্রিকেটে সম্ভব নয়। ফলে ক্রিকেটারদের এমন কিছু দক্ষতা তৈরি হচ্ছে যা হয়তো বিশ্বমঞ্চে বা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো কাজেই আসবে না।
বিষয়টি নিয়ে টুর্নামেন্টের নীতিনির্ধারকদের পুনর্বিবেচনার পরামর্শ দিয়ে এই সাবেক ক্যারিবীয়ান অলরাউন্ডার আরও বলেন, ‘নীতিনির্ধারকদের মূল্যায়ন করা উচিত এটি আসলে খেলাটির জন্য ভালো কি না, নাকি কেবল টেলিভিশনের জন্য ভালো। আশা করি তারা পর্যালোচনা করে দেখবেন এই নিয়মটি সত্যিই দীর্ঘমেয়াদে ফলপ্রসূ কি না।’
অবশ্য সিদ্ধান্ত নিজেদের হাতে নেই জেনে পোলার্ড এটিও যোগ করেছেন যে, যদি নিয়মটি বহাল থাকে তবে পেশাদার ক্রিকেটার হিসেবে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।
