পিএসএলে ইমনের পরিবর্তে লঙ্কান তারকাকে দলে ভেড়াল লাহোর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম
পারভেজ হোসেন ইমনের পরিবর্তে চারিত আসালাঙ্কাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স । ছবি: ক্রিকইনফো
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের প্রতিভার ছাপ রাখলেও অনাকাঙ্ক্ষিত চোটে টুর্নামেন্ট শেষ বাংলাদেশি ব্যাটার পারভেজ হোসেন ইমনের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এনওসি অনুযায়ী ২১ এপ্রিল পর্যন্ত তার খেলার কথা থাকলেও কাঁধের চোট সব ওলটপালট করে দেয়। ইমনের অভাব পূরণে লঙ্কান তারকা চারিত আসালাঙ্কাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।
পিএসএলের চলতি আসরে ৩ ইনিংসে ১৬১.৩৬ স্ট্রাইকরেটে ৭১ রান করেন ইমন। বিশেষ করে মুলতান সুলতানসের বিপক্ষে তার ১৯ বলে ৪৫ রানের টর্নেডো ইনিংসটি ছিল দেখার মতো। ২ চার ও ৫ ছক্কার সেই ইনিংসে ভর করেই ২০ রানের জয় পেয়েছিল লাহোর। তবে সেই ম্যাচেই ফিল্ডিংয়ের সময় সতীর্থ আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে কাঁধে মারাত্মক চোট পান তিনি। এই চোটের কারণেই মূলত তার টুর্নামেন্ট শেষ হয়ে যায়।
রোববার (১২ এপ্রিল) নিজেদের অফিশিয়াল পেজে আসালাঙ্কাকে স্বাগত জানিয়ে লাহোর কালান্দার্স লিখেছে,‘ইমনের পরিবর্তে আমাদের দলে যোগ দিচ্ছেন আসালাঙ্কা। আপনার নির্ভীক পারফরম্যান্স দেখার অপেক্ষায় রইলাম।’
ইমনের জায়গায় আসা সুযোগ পাওয়া আসালাঙ্কা টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ অভিজ্ঞ। ১৫৯ ম্যাচের ক্যারিয়ারে নিজের দেশের বাইরে আইএল টি-টোয়েন্টিতেও দারুণ খেলেছেন তিনি। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে মাত্র ৩ ম্যাচে ১৫২ স্ট্রাইকরেটে ১১১ রান করেছিলেন এই লঙ্কান ব্যাটার। তার এই অভিজ্ঞতা লাহোর কালান্দার্সের মধ্যম সারিতে শক্তি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
এবারের পিএসএলে মোট ৬ বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেলেও ইমনের সঙ্গে ফিরতে হয়েছে আরও কয়েকজনকে। ইমনের পাশাপাশি গত রাতে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। একটি ম্যাচও না খেলে ফিরে এসেছেন তানজিদ হাসান তামিম। তবে সুসংবাদ রয়েছে পেশোয়ার জালমির দুই পেসার শরীফুল ইসলাম ও নাহিদ রানার জন্য। বিসিবি থেকে আরও একটি ম্যাচ খেলার অনুমতি পেয়েছেন এই দুই তরুণ তুর্কি।
