আইপিএল ছেড়ে বাংলাদেশ সিরিজে আসছেন ভারতীয় আম্পায়ার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পিএম
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে দায়িত্ব পালন করবেন ভারতীয় আম্পায়ার নিতিন মেনন। ছবি- সংগৃহীত
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মহাব্যস্ততা রেখে ঢাকায় আসছেন ভারতীয় আম্পায়ার নিতিন মেনন। আসন্ন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন তিনি। ১৭ এপ্রিল মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন তিনি। এরপর ২০ এপ্রিল মিরপুরেই দ্বিতীয় ম্যাচে পালন করবেন টিভি আম্পায়ারের দায়িত্ব এবং ২৩ এপ্রিল সিরিজের শেষ ম্যাচে আবারও তাকে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে।
নিতিন মেননের এই সফরটি সাধারণ আম্পায়ারিং অ্যাসাইনমেন্ট হলেও প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা। গত অন্তর্বর্তী সরকারের সময় থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের এক ধরনের স্থবিরতা কাজ করছে। এমনকি গত জানুয়ারিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘটনায় দুই দেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্কেও কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল।
বর্তমান সরকারের মেয়াদে প্রথম কোনো বড় সিরিজে ভারতীয় আম্পায়ারের উপস্থিতি দুই বোর্ডের বরফ গলার বার্তাই দিচ্ছে। বিশেষ করে আইপিএলের মতো আকর্ষণীয় পারিশ্রমিকের টুর্নামেন্ট রেখে তার বাংলাদেশে আসা এক ধরনের ইতিবাচক বার্তাই বহন করছে।
বাংলাদেশের কন্ডিশন ও পরিবেশ নিতিন মেননের কাছে বেশ পরিচিত। এর আগেও তিনি বাংলাদেশে অনুষ্ঠিত একাধিক দ্বিপক্ষীয় সিরিজে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ এবং ২০২৩ বিশ্বকাপের আগে মিরপুরেই বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে আম্পায়ারিং করার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।
নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে নিতিন মেননের সঙ্গে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ। পুরো সিরিজের ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট। এছাড়া দেশীয় আম্পায়ারদের মধ্য থেকে থাকছেন মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল ও মোরশেদ আলী খান। ওয়ানডে সিরিজ শেষ করেই ভারত ফিরে যাবেন নিতিন মেনন।
