বোল্টের বিশ্বরেকর্ড ভাঙলেন ১৮ বছরের গাউট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৫ এএম
গাউট। ছবি- সংগৃহীত
চার বছর আগে যখন প্রথমবার অস্ট্রেলিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পা রেখেছিলেন, তখনই তার গায়ে সেঁটে গিয়েছিল ‘নতুন বোল্ট’ তকমা। দক্ষিণ সুদানিজ বংশোদ্ভূত এই অজি তরুণ গাউট গাউট এবার সেই তকমার প্রতিদান দিলেন অবিশ্বাস্য এক পারফরম্যান্সে। ২০০ মিটার স্প্রিন্টে উসাইন বোল্টের ২২ বছর আগের গড়া এক ঐতিহাসিক রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছে গেছেন তিনি।
২০০৪ সালে অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে উসাইন বোল্ট ১৯.৯৩ সেকেন্ডে ২০০ মিটার পাড়ি দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন। দীর্ঘ ২২ বছর ধরে অটুট থাকা সেই রেকর্ডটি এবার ভেঙে দিলেন গাউট। চলতি অস্ট্রেলিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে তিনি সময় নিয়েছেন মাত্র ১৯.৬৭ সেকেন্ড। এর আগে ২০২২ সালে এরিয়ন কিংটনের গড়া ১৯.৬৯ সেকেন্ডের অনূর্ধ্ব-২০ রেকর্ডটিও এখন গাউটের দখলে।
কুইন্সল্যান্ডে জন্ম নেয়া এই তরুণ অ্যাথলেট যখন ট্র্যাকে দৌড়ান, তখন গ্যালারিতে উসাইন বোল্টের ছায়া খুঁজে পান সমর্থকরা। নিজের এই সাফল্য নিয়ে উচ্ছ্বসিত গাউট বলেন,‘এই মুহূর্তটির জন্যই আমি অধীর অপেক্ষায় ছিলাম। অস্ট্রেলিয়াতে অনেক বড় বড় অ্যাথলেট রয়েছেন, তাদের মাঝে এমন রেকর্ড গড়তে পারা সত্যিই স্পেশাল।’
অল্প বয়সেই কিংবদন্তিদের সঙ্গে তুলনা বা রেকর্ডের চাপ প্রসঙ্গে তিনি বেশ আত্মবিশ্বাসী। গাউট জানান,‘এটি অবশ্যই একটি বড় দায়িত্ব। তবে আমি যেভাবে দৌড়াই, সেটি আমি উপভোগ করি। আমি আরও অনেক বড় অর্জনের স্বপ্ন দেখি।’
গাউটের পরবর্তী লক্ষ্য এখন অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আগামী আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া এই বড় আসরের জন্য নিজেকে শতভাগ প্রস্তুত রাখছেন তিনি। প্রস্তুতির অংশ হিসেবে এবং নিজেকে ইনজুরি মুক্ত রাখতে আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া কমনওয়েলথ গেমস থেকে নিজেকে সরিয়ে নেয়ার ইঙ্গিতও দিয়েছেন এই স্প্রিন্টার।
এখন ক্রীড়ামোদীদের মনে একটিই প্রশ্ন—বোল্টের জুনিয়র রেকর্ড ভাঙা এই তরুণের যাত্রা কি শেষ পর্যন্ত অলিম্পিক সোনা কিংবা ২০০ মিটারে বোল্টের সেই অতিমানবীয় ১৯.১৯ সেকেন্ডের বিশ্ব রেকর্ড স্পর্শ করতে পারবে? উত্তরটা সময়ের হাতে তোলা থাকলেও, গাউট গাউট যে আগামীর বিশ্ব অ্যাথলেটিকসের বড় বিজ্ঞাপন হতে যাচ্ছেন, তার প্রমাণ তিনি এখনই দিয়ে রাখলেন।
