×

খেলা

মিলারের শেষ ওভারের তাণ্ডবে বেঙ্গালুরুকে হারালো দিল্লি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পিএম

মিলারের শেষ ওভারের তাণ্ডবে বেঙ্গালুরুকে হারালো দিল্লি

মিলারের দুর্দান্ত ফিনিশিংয়ে নাটকীয় জয় পেয়েছে দিল্লি। ছবি- বিসিসিআই

দুই ম্যাচ আগে গুজরাট টাইটান্সের বিপক্ষে ট্র্যাজিক হিরো হয়ে মাঠ ছেড়েছিলেন ডেভিড মিলার। সেদিন শেষ ২ বলে মাত্র ২ রান নিতে না পারার আক্ষেপ আজ সুদে-আসলে মিটিয়ে দিলেন এই প্রোটিয়া হার্ডহিটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামীতে রোমাঞ্চকর এক লড়াইয়ে শেষ ওভারের নাটকীয়তায় ৬ উইকেটের জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

শনিবার (১৮ এপ্রিল) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বেঙ্গালুরু। জবাবে ট্রিস্টান স্টাবস ও লোকেশ রাহুলের জোড়া ফিফটির পর ডেভিড মিলারের ক্যামিওতে ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি।

জয়ের জন্য শেষ ওভারে দিল্লির প্রয়োজন ছিল ১৫ রান। বোলিংয়ে ছিলেন রোমারিও শেফার্ড। প্রথম দুই বলে মাত্র ২ রান আসায় ম্যাচের নিয়ন্ত্রণ তখন বেঙ্গালুরুর হাতে। কিন্তু তৃতীয় বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে চিন্নাস্বামীকে স্তব্ধ করে দেন ডেভিড মিলার। পরের বলে আবারও ছক্কা! সমীকরণ দাঁড়ায় ২ বলে ১ রান। গত ম্যাচে সুযোগ পেয়েও সিঙ্গেল না নেওয়ার ভুল এবার আর করেননি মিলার। পঞ্চম বলে চার মেরে জয় নিশ্চিত করে অপরাজিত থাকেন তিনি। ১০ বলে ২২ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন এই ম্যাচজয়ী তারকা।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা দারুণ করেন লোকেশ রাহুল। ৩৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৭ রান করে আউট হন তিনি। এরপর দলের হাল ধরেন আরেক প্রোটিয়া ব্যাটার ট্রিস্টান স্টাবস। ৪৭ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৬০ রানের দায়িত্বশীল ইনিংস খেলে জয় সহজ করেন তিনি। অধিনায়ক অক্ষর প্যাটেলের ব্যাট থেকে আসে ২৬ রান। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার ২৬ রানে ৩টি উইকেট নিলেও তা দলের জয় নিশ্চিত করতে যথেষ্ট ছিল না।

এর আগে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন ফিল সল্ট। ৩৮ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় সাজানো ছিল তার এই ইনিংস। তবে বড় সংগ্রহের আশা দিলেও আরেক ওপেনার বিরাট কোহলি ১৯ রানেই সাজঘরে ফেরেন। মিডল অর্ডারে দেবদূত পাডিক্কাল ১৮ ও টিম ডেভিড ২৬ রান করলেও অধিনায়ক রজত পতিদারসহ অন্যরা ব্যর্থ হলে রান পাহাড় গড়া সম্ভব হয়নি আরসিবির পক্ষে। দিল্লির বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল, লুঙ্গি এনগিদি ও কুলদীপ যাদব প্রত্যেকেই ২টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর : 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ১৭৫/৮ (২০ ওভার)

দিল্লি ক্যাপিটালস : ১৭৯/৪ (১৯.৫ ওভার)

ফলাফল : দিল্লি ক্যাপিটালস ৬ উইকেটে জয়ী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম বাড়লো জ্বালানি তেলের

দাম বাড়লো জ্বালানি তেলের

নেইমারকে ছাড়াই বিশ্বকাপের দল চায় ব্রাজিলের অধিকাংশ মানুষ

নেইমারকে ছাড়াই বিশ্বকাপের দল চায় ব্রাজিলের অধিকাংশ মানুষ

তিন দেশ থেকে একদিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

তিন দেশ থেকে একদিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ

বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App