শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৬৫
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি- সংগৃহীত
শুরুর ব্যাটিং বিপর্যয় কাটিয়ে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও লিটন দাসের লড়াকু ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৬৫ রান তুলেছে স্বাগতিকরা। শান্ত ও লিটনের ১৬০ রানের রেকর্ড জুটির ওপর ভর করেই এই সংগ্রহ পায় বাংলাদেশ।
টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই কিউই পেসার উইলিয়াম ও’রুর্কের তোপে পড়ে বাংলাদেশ। দলীয় ৯ রানের মধ্যেই সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান (০) ও তানজিদ হাসান তামিম (১)। তিনে নামা সৌম্য সরকারও (১৮) থিতু হতে পারেননি। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলের হাল ধরেন শান্ত ও লিটন। দায়িত্বশীল ব্যাটিংয়ে লিটন ৭১ বলে ফিফটি ছোঁয়ার পর শান্ত পূর্ণ করেন ৭০ বলে। তবে সেঞ্চুরির পথে থাকা লিটন ৭৬ রানে জেডেন লেনক্সের বলে বোল্ড হলে ভাঙে ১৭৮ বলে ১৬০ রানের জুটি।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাটিং অর্ডারে নিচে নেমে ১৮ বলে ২২ রান করেন। অন্যদিকে শান্ত ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন ১১৪ বলে। ১০৫ রান করে তিনি আউট হওয়ার পর তাওহীদ হৃদয়ের অপরাজিত ৩৩ রানে ভর করে লড়াকু পুঁজি পায় টাইগাররা।
কিউইদের হয়ে ও’রুর্ক ৩২ রানে ৩টি এবং লিস্টার ও লেনক্স ২টি করে উইকেট নেন। ওয়ানডে সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশের জয়ের জন্য এখন প্রয়োজন কিউইদের দ্রুত আটকে দেওয়া।
