লিটনের সামনে ইতিহাসের হাতছানি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পিএম
লিটন দাস। ছবি- সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বুধবার (২৯ এপ্রিল) জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে জিতলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করবে লিটন দাসের দল। সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর স্বাগতিকদের সামনে এখন কিউইদের বিপক্ষে ঘরের মাঠে ইতিহাস গড়ার হাতছানি।
ম্যাচটি জিতলে নেতৃত্বের এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবেন লিটন কুমার দাস। বাংলাদেশের হয়ে অন্তত ১০ ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে জয়ের হারে (৫৩.৩৩ শতাংশ) তিনি আগে থেকেই শীর্ষে ছিলেন। আগামীকাল জয় পেলে জয়ের সংখ্যাতেও মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাবেন তিনি। মাহমুদউল্লাহ ও সাকিবের অধীনে বাংলাদেশ ১৬টি করে জয় পেলেও লিটন তাদের চেয়ে অনেক কম ম্যাচ (৩০টি) খেলেই এই মাইলফলকে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন।
সিরিজ জয়ের পথে অবশ্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। মঙ্গলবার দিনভর ভারি বর্ষণের পর বুধবারও বন্দরনগরীতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে কিছুটা শঙ্কা থেকেই যাচ্ছে।
ম্যাচ পরিত্যক্ত হয়ে গেলেও অবশ্য এই সিরিজে আরেকটি সুযোগ থাকবে লিটনের। মিরপুরে আগামী শনিবার সিরিজের তৃতীয় ম্যাচে লড়বে দুই দল। তার আগে অবশ্য চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজটি নিজেদের করে ফেলার চেষ্টাই করবে বাংলাদেশ।
