দর্শকদের ধন্যবাদ জানালেন লিটন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:১৫ পিএম
লিটন দাস। ছবি- সংগৃহীত
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। শনিবার (২ মে) বৃষ্টিবিঘ্নিত ১৫ ওভারের ম্যাচে কিউইরা ২০ বল হাতে রেখে জয় তুলে নিলে তিন ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুটা ভালো করলেও বৃষ্টির পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ১০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ড শুরুতে উইকেট হারালেও বেভন জ্যাকবসের ৩১ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংসে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়। বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম ৪ ওভারে ৩ উইকেট নিলেও বাকি বোলাররা কিউই ব্যাটারদের ওপর চাপ তৈরি করতে পারেননি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দর্শকদের সরব উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন টাইগার অধিনায়ক লিটন দাস। তিনি বলেন,'থ্যাংকিউ (দর্শকদের)। অনেক দিন পর মাঠটা দেখে ভালো লেগেছে যে আপনারা এসেছেন। আশা করি পরেরবার এলে আমাদের সাপোর্ট করবেন এবং আমরা আপনাদের হাসিমুখে বিদায় দিতে পারব।'
লিটন দলের পেসার শরিফুলের বোলিংয়ের প্রশংসা করে বলেন,'হ্যাঁ অবশ্যই, শরিফুল দুর্দান্ত ছিল। সে যদি প্রতিদিন এভাবে বল করে যেতে পারে, তবে তা বাংলাদেশের জন্য অনেক ভালো হবে।' সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতলেও দ্বিতীয়টি বৃষ্টিতে ভেসে গিয়েছিল এবং শেষ ম্যাচে কিউইরা দাপুটে জয় পায়।
