কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি- সংগৃহীত
বাংলাদেশের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে হাভিয়ের ক্যাবরেরা অধ্যায় শেষ হয়েছে।চলছে নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইতিহাসে প্রথমবারের মতো বিজ্ঞপ্তি দিয়ে চাওয়া হয়েছে দেশী-বিদেশী কোচদের আবেদন।তাতে মিলেছে আশাতীত সাড়া।
বাফুফে পেয়েছে ২৭৮ জনের আবেদন।যেখানে এশিয়া ,ইউরোপ আর ল্যাটিন আমেরিকা থেকে এসেছে আবেদন।ধারণা করা হচ্ছে,হামজা চৌধুরীদের কল্যাণে সারা বিশ্বে ব্যাপক পরিচিতি পাওয়ায় ভিনদেশী কোচদের কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বেড়েছে।
বাংলাদেশের কোচ নিয়োগ করতে বাফুফে গড়ে দিয়েছে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটনের নেতৃত্বে কমিটি।কমিটির সদস্যরা হলেন সাবেক ফুটবলার সাইফুল বারী টিটু,সাইদ হাসান কানন আর ইকবাল হোসেন।কমিটির সদস্যরা পর্যায়ক্রমে গড়েছে সম্ভাব্য কোচদের সংক্ষিপ্ত তালিকা।সোমবার (৪ মে) চূড়ান্ত নিয়োগের জন্য কোচের সংক্ষিপ্ত তালিকা ১০জনে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।
বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে আগামী শুক্রবারের (৮ মে) মধ্যে বাংলাদেশের নতুন কোচের নাম ঘোষণা করা হবে।আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে আমরা কাকে কোচ সিলেকশন করবো সেটা আমরা কনফার্ম করে ফেলবো। আগামীকাল, আগামী পরশু, তারপরে আমরা পরপর প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তিন দিন আমরা এই ১০ জন, যেই ১০ জনকে আমরা সিলেকশন করেছি, সেই ১০ জনের সঙ্গে আমরা কথা বলবো। কথা বলার পরে আমরা একজনকে আমরা ফাইনাল করবো।’
জুনের শুরুতেই বাংলাদেশ দল স্যান ম্যারিনোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে।এটাই হবে ইউরোপের মাটিতে বাংলাদেশের জাতীয় দলের কোন ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে প্রথম ম্যাচ।এছাড়া একই সময়ে মালদ্বীপে চার জাতির ফুটবল টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ।ইতোপূর্বে কোচ মারুফুল হকের অধীনে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ অলিম্পিক দল মালদ্বীপে খেলবে বলে সিদ্ধান্ত হয়েছিল।কিন্তু পুরনো সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে।নতুন সিদ্ধান্ত,স্যান ম্যারিনো আর মালদ্বীপের জন্য গড়া হবে দুটি জাতীয় দল।
হামজারা খেলবে ইউরোপে প্রীতি ম্যাচ।আর মালদ্বীপের দলেও সংযুক্ত করা হবে প্রবাসী ফুটবলার।কিন্তু সেখানে অনূর্ধ্ব-২৩ এর সীমা থাকবে না। এই নিয়ে কমিটির সদস্য শাহাদাত হোসেন বলেছেন, ‘এখন আমাদের লিগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পয়েন্ট টেবিলে সব দলই কিন্তু খুব কাছাকাছি। এখন আমাদের হাতে যথেষ্ট খেলোয়াড় আছে। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি অনূর্ধ্ব ২৩-কে গুরুত্ব না দিয়ে, দুটি দল করব।’
বাংলাদেশের দলের কোচ হতে ব্রাজিল, জার্মানি,স্পেন, অস্ট্রেলিয়ার মতো উন্নতমানের কোচের সিভি জমা পড়েছে। শাহাদাত হোসেন বলেন, ‘হাই প্রোফাইল কোচের সিভি আমরা পেয়েছি। এটার কারণ হয়েছে কিন্তু ফুটবলের একটা ইমপ্রুভমেন্টের কারণে। অবশ্যই আমরা আশাবাদী যে আপনার মালদ্বীপে আমরা ভালো করবো। কিন্তু ফর সিওর আমরা যেহেতু ইউরোপে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, অনেকদিন পর এবং এখন আপনি জানেন অনেক ইউরোপিয়ান দেশে কিন্তু আমাদের বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলতে চাচ্ছে। সো আমরা ওটা নিয়ে আশাবাদী যে একটা ভালো রেজাল্ট করবো যেন আমরা আরও অনেক ইনভাইটেশন পাই।’
