শেষ মুহূর্ত পর্যন্ত নেইমারকে নিয়ে দ্বিধায় ছিলেন আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৪৭ পিএম
ছবি- সংগৃহীত
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারের ফেরা বড় খবর হলেও কোচ কার্লো আনচেলত্তির জন্য সিদ্ধান্তটি সহজ ছিল না। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দল ঘোষণার আগমুহূর্ত পর্যন্ত আনচেলত্তির হাতে দুটি তালিকা ছিল। একটিতে ছিল নেইমারের নাম, অন্যটিতে তার জায়গায় চেলসি তারকা জোয়াও পেদ্রোর।
মূল জটিলতা তৈরি হয়েছিল নেইমারের ফিটনেস নিয়ে। করিতিবার বিপক্ষে সান্তোসের ম্যাচে পায়ের পেশিতে চোট পেয়েছিলেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। সেই চোটের পরীক্ষা ও ফিটনেস রিপোর্ট নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক ছিল ব্রাজিলের কোচিং স্টাফ। বিকল্প হিসেবে তাই পেদ্রোকে প্রস্তুত রাখা হয়েছিল।
তবে সব সংশয় কাটিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত দলে নেইমারই জায়গা পেয়েছেন। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের বাইরে থাকা ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমারকে নিয়ে অবশ্য সমর্থকদের মধ্যে মতভেদ আছে। কেউ তার অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছেন, কেউ আবার প্রশ্ন তুলছেন ম্যাচ ফিটনেস নিয়ে।
অন্যদিকে জোয়াও পেদ্রোর বাদ পড়া এখন ব্রাজিলে সবচেয়ে আলোচিত বিষয়। আনচেলত্তির অধীনে চেলসির এই ফরোয়ার্ড নিয়মিত খেললেও নেইমার ফেরায় শেষ পর্যন্ত জায়গা হারিয়েছেন তিনি।
দল ঘোষণার পর আনচেলত্তি স্বীকার করেছেন, ২৬ জনের দল বেছে নেওয়া কঠিন ছিল। প্রতিযোগিতা বেশি হওয়ায় বাদ পড়া খেলোয়াড়দের হতাশ হওয়াটা স্বাভাবিক।
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অভিজ্ঞতা ও ম্যাচ বদলে দেওয়ার সামর্থ্যকেই বেছে নিয়েছেন ব্রাজিল কোচ। তবে নেইমারকে দলে রাখা আনচেলত্তির জন্য এক বড় ‘হিসাবি ঝুঁকি’। এখন দেখার বিষয়, মাঠের পারফরম্যান্সে কোচকে কতটা সফল প্রমাণ করতে পারেন নেইমার।
