আইপিএল
প্লে-অফের লড়াইয়ে ৫ দল, কার কী সমীকরণ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:১২ পিএম
ছবি- সংগৃহীত
আইপিএলের চলতি আসরে প্লে-অফের তিনটি স্থান ইতিমধ্যেই নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। আসর থেকে মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ায় শেষ জায়গার জন্য এখন তুমুল লড়াই চলছে পাঁচ দলের মধ্যে। পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স—এই পাঁচ দলের ভাগ্যই এখন ঝুলে আছে জটিল সমীকরণে।
প্লে-অফের শেষ টিকিটটি কার হাতে উঠবে, তার সমীকরণ নিচে দেওয়া হলো:
রাজস্থান রয়্যালস: পাঁচ দলের মধ্যে রাজস্থানের ভাগ্য সবচেয়ে বেশি নিজেদের হাতে। তাদের এখনও দুটি ম্যাচ বাকি। বাকি দুই ম্যাচেই জয় পেলে কোনো হিসাব ছাড়াই ১৬ পয়েন্ট নিয়ে সরাসরি প্লে-অফে উঠে যাবে তারা। তবে একটি ম্যাচ হারলেই তাদের পয়েন্ট আটকে যাবে ১৪-তে, যা তাদের জন্য চরম চাপের কারণ হতে পারে।
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): প্লে-অফের দৌড়ে টিকে থাকতে কেকেআরকে শেষ দুই ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে। এতে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৫। কেকেআরের টিকে থাকার জন্য রাজস্থানকে অন্তত একটি ম্যাচে হারতে হবে। যদি পাঞ্জাব শেষ ম্যাচে জিতে ১৫ পয়েন্টও পায়, তবুও নেট রানরেটের বিচারে শ্রেয়স আইয়ারের দল এগিয়ে থাকায় তাদের সম্ভাবনা বেশি।
পাঞ্জাব কিংস: পাঞ্জাবের জন্য সমীকরণটি বেশ কঠিন। নিজেদের শেষ ম্যাচে লখনউকে হারালে তাদের পয়েন্ট হবে ১৫। তবে শুধু জিতলেই হবে না, তাদের তাকিয়ে থাকতে হবে রাজস্থান ও কেকেআরের ফলাফলের দিকে। রাজস্থান ও কেকেআর পয়েন্ট টেবিলের লড়াইয়ে তাদের নিচে থাকলেই কেবল পাঞ্জাব প্লে-অফে যেতে পারবে।
চেন্নাই সুপার কিংস: চেন্নাইয়ের লক্ষ্য এখন ১৪ পয়েন্ট। শেষ ম্যাচটি তাদের জিততেই হবে। তবে শুধুমাত্র জয় পেলেই হবে না, তাদের প্রার্থনা করতে হবে যেন কেকেআর, পাঞ্জাব ও রাজস্থান—এই তিন দলের প্রত্যেকে অন্তত একটি করে ম্যাচ হারে। সব দলের পয়েন্ট ১৪-তে আটকে গেলে নেট রানরেটের মারপ্যাঁচে চেন্নাইয়ের সম্ভাবনা তৈরি হবে।
দিল্লি ক্যাপিটালস: দিল্লির পরিস্থিতিও অনেকটা চেন্নাইয়ের মতোই জটিল। শেষ ম্যাচে কেকেআরকে হারালে তাদের পয়েন্ট হবে ১৪। তবে নেট রানরেট বেশ কম হওয়ায় শুধু জয় পেলেই হবে না; পাঞ্জাব, চেন্নাই ও রাজস্থানের হারও তাদের কাম্য। বিশেষ করে রাজস্থান যদি দুই ম্যাচেই হারে, তবেই দিল্লি প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে পারবে।
আইপিএলের পয়েন্ট টেবিলের সমীকরণ এখন এতটাই জটিল যে, শেষ মুহূর্তের প্রতিটি ম্যাচই একেকটি ‘নকআউট’ ম্যাচের রূপ নিয়েছে। ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে আছেন শেষ দেখার জন্য—কে সঙ্গী হচ্ছে বেঙ্গালুরু, গুজরাট ও হায়দরাবাদের।
