যে নতুন চার নিয়মে বদলে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:৩৩ পিএম
ছবি- সংগৃহীত
ফুটবলকে আরও আধুনিক ও গতিময় করতে সময়ে সময়ে নিয়ম বদলেছে ফিফা। ১৯৭০ বিশ্বকাপে এসেছিল হলুদ ও লাল কার্ড। ২০১৮ সালে প্রথম ব্যবহার হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। ২০২২ কাতার বিশ্বকাপে বাড়ানো হয় অতিরিক্ত সময়। এবার উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপেও আসছে বড় কিছু পরিবর্তন। মূলত ৪টি নতুন নিয়ম এবার বিশ্বকাপের চেহারাই বদলে দিতে চলেছে।
বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি
গরমের মধ্যে ফুটবলারদের পানি পানের বিরতি আগেও দেওয়া হতো। তবে এবার আবহাওয়া যেমনই হোক না কেন, প্রতিটি ম্যাচে বাধ্যতামূলকভাবে এই বিরতি থাকবে। ঠান্ডা পরিবেশ বা বন্ধ ছাদের স্টেডিয়ামেও প্রতি অর্ধেকের মাঝামাঝি সময়ে তিন মিনিটের বিরতি দেবেন রেফারি। ফিফা জানিয়েছে, সব দলের জন্য সমান পরিস্থিতি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। তবে সমালোচকদের মতে, এতে ম্যাচ কার্যত চার ভাগে ভাগ হয়ে যাবে, যা সম্প্রচারকদের বিজ্ঞাপন দেওয়ার বাড়তি সুযোগ করে দেবে।
ভিএআরের নতুন ক্ষমতা
আগে গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড ও ভুল খেলোয়াড় শনাক্তের ক্ষেত্রে ভিএআর ব্যবহার করা হতো। এবার দ্বিতীয় হলুদ কার্ডের ঘটনাও ভিএআরে যাচাই করা যাবে। এ ছাড়া ‘স্পষ্টভাবে ভুলভাবে দেওয়া কর্নার’ পর্যালোচনার সুযোগও পাবে ভিএআর। তবে শর্ত হলো, খেলা পুনরায় শুরুতে দেরি না করে এই পর্যালোচনা তাৎক্ষণিকভাবে শেষ করতে হবে।
সময় নষ্ট করলেই ‘শাস্তি’
গোলকিক, থ্রো-ইন আর খেলোয়াড় বদলির ক্ষেত্রে এবার ‘কাউন্টডাউন’ চালু হচ্ছে। নির্দিষ্ট সময়ে খেলা শুরু না করলে বল চলে যাবে প্রতিপক্ষের কাছে। গোলকিপারদের জন্য আট সেকেন্ডের নিয়ম তো থাকছেই, পাশাপাশি থ্রো-ইন বা গোলকিকের জন্য রেফারি প্রয়োজনে পাঁচ সেকেন্ডের দৃশ্যমান কাউন্টডাউন শুরু করবেন। বদলির ক্ষেত্রে বোর্ডে নম্বর দেখানোর ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। না ছাড়লে বদলি খেলোয়াড় পরের স্টপেজের আগে নামতে পারবেন না। আর চোটের কারণে মাঠ ছাড়লে ওই খেলোয়াড়কে অন্তত এক মিনিট বাইরে থাকতে হবে।
মুখ ঢাকলে লাল কার্ড
মাঠে প্রতিপক্ষের সঙ্গে তর্ক বা বচসার সময় মুখ ঢাকলে এখন থেকে সরাসরি লাল কার্ড দেখানো হবে। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগে বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ানি রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়রের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে ‘বৈষম্যমূলক আচরণের’ দায়ে ছয় ম্যাচ নিষিদ্ধ হন। ওই ঘটনার পরই ফিফা এই কঠোর নিয়ম আনল।
এ ছাড়া সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে গেলেও লাল কার্ড দেখতে হবে। কোনো কর্মকর্তা খেলোয়াড়দের মাঠ ছাড়তে উসকানি দিলেও একই শাস্তি পাবেন। ফিফা স্পষ্ট জানিয়েছে, যে দল ম্যাচ বর্জন করবে তারা নীতিগতভাবে ম্যাচটিতে হেরে যাবে। চলতি বছর আফ্রিকান নেশনস কাপের ফাইনালে পেনাল্টির প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়েরা মাঠ ছেড়েছিলেন। পরে ফিরে এসে ম্যাচ জিতলেও তাদের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়া হয়েছিল।
