লঙ্কান প্রিমিয়ার লিগে যে দলে খেলতে পারেন সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:২৮ পিএম
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত
সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে ভেড়াতে পারে জাফনা কিংস। এমনটাই খবর শ্রীলঙ্কার বিভিন্ন গণমাধ্যমের। প্রতিবেদনে তারা জানিয়েছে, সাকিবকে দলে ভেড়ানোর ব্যাপারে ইতিবাচক জাফনা।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ককে নেওয়ার খুব কাছেই রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সাকিব কিংবা জাফনা কিংস।
বর্তমানে অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম সাকিব। বিশ্বের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। বিশ্বের প্রায় সব লিগেই খেলেছেন সাকিব। এলপিএলেও ছিল সাকিবের পদচারণা। তাই আসন্ন মৌসুমে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় জাফনা।
এপিএলের অন্যতম সফল দল জাফনা। একাধিকবার শিরোপা ঘরে তুলেছে তারা। জাফনার হয়ে আগেও অনেক বাংলাদেশি এলপিএল মাতিয়েছেন।
টানা দুই বছর পর মাঠে গড়াচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। সবশেষ ২০২৪ সালে হয়েছিল শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি এই লিগ।
