অভিনেতা সোহমকে প্রাণনাশের হুমকি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০২:০৮ পিএম
ছবি : সংগৃহীত
তৃণমূল কংগ্রেসের নেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গে তোলপাড়ের মধ্যেই এবার প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন টালিউড অভিনেতা ও তৃণমূলের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তী।
তবে এ ঘটনা রাজনৈতিক নয় বলে জানিয়েছেন সোহম। তার অভিযোগ, পুরোনো একটি সিনেমার অগ্রিম টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক প্রযোজক তাকে হত্যার হুমকি দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে প্রযোজক তরুণ দাস ফোন করে তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন সোহম।
জানা গেছে, ২০১৮ সালে মহুয়া চক্রবর্তী পরিচালিত একটি সিনেমায় অভিনয়ের জন্য সোহমকে ১৫ লাখ রুপি সাইনিং মানি দেওয়া হয়েছিল। তবে কিছুদিন পর পরিচালক প্রযোজকের আচরণে অসন্তুষ্ট হয়ে সিনেমাটি থেকে সরে দাঁড়ান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছবিটির কাজ আর এগোয়নি।
আরো পড়ুন : সায়নী ঘোষের মাথার দাম ১ কোটি রুপি ঘোষণা বিজেপি নেতার
সম্প্রতি প্রযোজক সেই সাইনিং মানির টাকা ফেরত দাবি করেন। তবে সোহমের দাবি, ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী কোনো অভিনেতা নিজে থেকে সিনেমা না ছাড়লে অগ্রিম টাকা ফেরত দেওয়ার বাধ্যবাধকতা থাকে না।
অভিনেতার অভিযোগ, টাকা ফেরত না দেওয়ায় সম্প্রতি প্রযোজক তার অফিসে যান এবং পরে ফোনে হুমকি দেন।
অন্যদিকে প্রযোজক তরুণ দাস দাবি করেছেন, বারবার শুটিংয়ের সময় চাইলেও সোহম সময় দেননি। ফলে সিনেমাটির কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
তবে প্রযোজকের অভিযোগ অস্বীকার করে সোহম বলেন, তার কাছে পর্যাপ্ত সময় ছিল এবং প্রযোজকের বক্তব্যের কোনো ভিত্তি নেই। একই সঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।
