ত্রয়োদশ সংসদের শীর্ষ ১০ ধনী প্রার্থী, কার কত সম্পদ?
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম
আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটের মাঠে শতকোটি টাকার ২৬ জন প্রার্থী। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি-র তথ্য বিশ্লেষণ করে বেরিয়ে এসেছে এমন এক চাঞ্চল্যকর চিত্র।
নির্বাচনের হাওয়ায় সাধারণ মানুষের মনে কৌতূহল—মাঠে থাকা এসব প্রার্থী ভোটে কী টাকার প্রভাব দেখাবে না প্রতিশ্রুতির বেড়াজালে ভোটারদের মন জয় করার চেষ্টা করবে। আজকের ভিডিওতে আমরা জানাবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শীর্ষ ১০ ধনী প্রার্থীর নাম এবং তাঁদের সম্পদের পরিমাণ।
সম্পদের হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। তাঁর হলফনামা অনুযায়ী, মিন্টু ও তাঁর স্ত্রীর নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের বর্তমান বাজার মূল্য ৬০৭ কোটি টাকা।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী মোঃ আসলাম চৌধুরী। তাঁর এবং তাঁর পরিবারের নামে রয়েছে ৪৭৪ কোটি টাকার সম্পদ। তবে চমকপ্রদ তথ্য হলো, সম্পদের পাহাড় থাকলেও হলফনামায় তিনি বিভিন্ন ব্যাংকে ৩৪৫ কোটি টাকা ঋণের তথ্যও উল্লেখ করেছেন।
তৃতীয় স্থানে রয়েছেন ময়মনসিংহ-১১ আসনের বিএনপি প্রার্থী ফখরুদ্দিন আহমেদ। তাঁর মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ২৯৯ কোটি টাকা।
ধনীর তালিকার চতুর্থ স্থানে রয়েছেন কুমিল্লা-৮ আসনের বিএনপি প্রার্থী জাকারিয়া তাহের। তার ও তাঁর স্ত্রীর সম্পদের মূল্য ২৯২ কোটি টাকা।
এবারের নির্বাচনে বড় চমকে স্বতন্ত্র প্রার্থীরা। ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৩ জন ঠাঁই করে নিয়েছেন শীর্ষ ১০-এ। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর, যাঁর সম্পদের বাজার মূল্য ২৮৩ কোটি টাকা।
ষষ্ঠ স্থানে আছেন আরেক স্বতন্ত্র প্রার্থী বাগেরহাট-১ এর এম এ এইচ সেলিম, যাঁর একার নামেই আছে ২৬২ কোটি টাকার সম্পত্তি। আর সপ্তম স্থানে রয়েছেন চাঁদপুর-২ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ জালালুদ্দিন, তাঁর ও তাঁর স্ত্রীর সম্পদের মূল্য ২৪৯ কোটি টাকা।
অষ্টম স্থানে রয়েছেন বগুড়া-৫ আসনের বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, যাঁর সম্পদের মূল্য ২০৪ কোটি টাকা। নবম স্থানে নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ ফজলুল আজিম, যাঁর সম্পদের পরিমাণ ১৯০ কোটি টাকা।
আর শীর্ষ ১০-এর তালিকায় দশম স্থানে রয়েছেন শরীয়তপুর-২ আসনের বিএনপি প্রার্থী মোঃ শফিকুর রহমান, যাঁর সম্পদের বর্তমান মূল্য ১৮৫ কোটি টাকা।
অর্থাৎ, শীর্ষ ১০ জন ধনীর তালিকায় বিএনপির প্রার্থী রয়েছেন মোট ৭ জন, আর বাকি ৩ জনই স্বতন্ত্র।
কাড়ি কাড়ি টাকা আর বিশাল সম্পদের এই পরিসংখ্যান সাধারণ ভোটারদের মনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। সম্পদের এই পাহাড় কি প্রার্থীর সততার পথে অন্তরায় হবে, নাকি এই স্বচ্ছতা ভোটারদের আস্থা বাড়াবে? প্রার্থীর যোগ্যতা বিচারে সম্পদ কতটুকু গুরুত্বপূর্ণ অথবা তা কি ব্যালট বক্সে প্রভাব ফেলবে? বিপুল সম্পদের মালিক এই প্রার্থীদের ঋণ খেলাপি নিয়ে যে সমালোচনা উঠছে তা ভোটের পরেও চলতে পারে জনতার মুখে মুখে।
