×

ময়মনসিংহ

শেরপুর

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

Icon

খোরশেদ আলম, শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৩১ পিএম

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১২ দিনের ব্যবধানে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিখোঁজদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। তাঁদের মধ্যে একই দিনে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ইসরাফিল (১৫), পাঁচগাঁও গ্রামের খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফি (১৩), উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) এবং আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ মে সকাল ১০টার দিকে ইসরাফিল দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এরপর গত শনিবার (৬ জুন) নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার এলাকার তাহফিজুল কোরআন মডেল মাদরাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় খন্দকার মাশরাফি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন রোববার (৭ জুন) দুপুরে উপজেলার পাঁচগাঁও গ্রামের ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসা থেকে বের হওয়ার পর একই গ্রামের তিন শিক্ষার্থী রাব্বানী, তোফায়েল ও রাসেল নিখোঁজ হয়। মাদরাসা থেকে বের হওয়ার পর তারা আর বাড়ি ফেরেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, একসঙ্গে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মধ্যে রাব্বানী ও তোফায়েল এর আগেও বাড়ি থেকে চলে গিয়েছিল। পরে আত্মীয়স্বজনের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। তারা পড়াশোনায় অমনোযোগী ছিল বলেও স্থানীয়রা জানিয়েছেন।

নিখোঁজ শিক্ষার্থীদের স্বজনরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও পরিচয় প্রকাশ করে সন্ধান চাওয়া হচ্ছে।

অল্প সময়ের ব্যবধানে একাধিক মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। স্থানীয়রা দ্রুত শিক্ষার্থীদের উদ্ধার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

নালিতাবাড়ী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আফসান আল আলম বলেন, ইসরাফিল ও মাশরাফির পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পাঁচগাঁও থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীর অভিভাবকেরাও জিডি করতে থানায় এসেছেন। নিখোঁজ শিশুদের উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় খোঁজখবর ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, শিশুদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত নিকটস্থ থানায় অথবা সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App