জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামীকাল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।
রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ জানান, এ বছর মোট ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। ফলে প্রতি আসনের জন্য গড়ে প্রায় দুইজন করে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিকভাবে আবেদন করেছিলেন ৪ লাখ ৭৫ হাজার ৪৩২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে আবেদন নিশ্চিত করেছেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী, পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৪ লাখ ৩৩ হাজার ৫১৯ জনকে প্রবেশপত্র দেওয়া হয়েছে।
দেশজুড়ে মোট ৮৮০টি কলেজে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৭৫টি সরকারি এবং ৫০৫টি বেসরকারি কলেজ রয়েছে। সরকারি কলেজগুলোতে ২ লাখ ৭০ হাজার ৫২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৯৪ হাজার ২২৯ জন শিক্ষার্থী। অন্যদিকে বেসরকারি কলেজের ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৮ হাজার ১১৯ জন।
সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সারা দেশে ১৩৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরে ১৮টি কেন্দ্রসহ বিভিন্ন বিভাগে কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এবারের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ইউনিটভিত্তিক প্রশ্নপত্রও আলাদা করা হয়েছে মানবিক ইউনিটের জন্য A ও B সেট, বিজ্ঞান ইউনিটের জন্য C ও D সেট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য E ও F সেট নির্ধারণ করা হয়েছে।
