পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে স্বপদে বহালের দাবি
নন্দন দেবনাথ, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:০১ পিএম
ছবি: সংগৃহীত
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানকে স্বপদে বহাল রেখে পার্বত্য মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছে রাঙ্গামাটির নাগরিক সমাজ।
সোমবার (৮ জুন) রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিফলন কোনোভাবেই পদত্যাগের মাধ্যমে ব্যাহত হওয়া উচিত নয়। তারা বলেন, “পার্বত্যবাসীর সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে দীপেন দেওয়ান সংসদে গিয়েছেন। পরে তাঁকে পার্বত্য মন্ত্রী করা হয়েছে, যা পার্বত্যবাসীর প্রতি সম্মানের প্রতিফলন।”
বক্তারা আরও বলেন, কোনো ইঙ্গিত বা প্রভাবে তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়ে থাকলে তা দুঃখজনক। পার্বত্য অঞ্চলের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করতে তাঁকে মন্ত্রী পদে বহাল রাখা জরুরি।
রাঙ্গামাটি শাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম মঈন উদ্দিন মিন্টুর সভাপতিত্বে এবং রেজাউর রশিদ পাপ্পুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙ্গামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা, জুম ইসথেটিক কাউন্সিলের সভাপতি শিশির চাকমা, রাঙ্গামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুজিত দেওয়ান, এডভোকেট রাজীব চাকমা, নারী নেত্রী রাবেয়া সুলতানা, সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা দাবি করেন, দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তাঁকে পুনরায় মন্ত্রী পদে বহাল রাখা হলে উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। মানববন্ধনে পাহাড়ি-বাঙালি মিলিয়ে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
