চাপিলা মাছ বলে বিক্রি হচ্ছে ইলিশের পোনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:১১ পিএম
ছবি: সংগৃহীত
ইলিশের পোনা বা জাটকা ধরা ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকলেও বরিশালের গৌরনদীতে যেন এ নিয়মের বালাই নেই। এ উপজেলার আড়িয়াল খাঁ নদীর মিয়ারচরের মোহনায় প্রতিনিয়ত চলছে জাটকা নিধন।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন হাট-বাজারে অসাধু বিক্রেতারা জাটকা বিক্রি করে আসলেও দেখার যেন কেউ নেই।
স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণির অসাধু জেলে অবৈধ কারেন্ট জাল দিয়ে দীর্ঘদিন যাবৎ ইলিশের পোনা তথা জাটকা নিধনে লিপ্ত রয়েছে।
নদী থেকে আহরণ করা জাটকা স্থানীয় মিয়ারচর ও হোসনাবাদসহ আশপাশের বাজারে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে।
গৌরনদী বাসস্ট্যান্ডের জিরো পয়েন্টে দেখা গেছে, চাপিলা মাছ বলে ক্রেতাদের কাছে প্রকাশ্যে ইলিশের পোনা বিক্রি শুরু করে এক ব্যবসায়ী। এ সময় পোনাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এগুলো বরিশাল শহর থেকে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে।
তবে স্থানীয় একটি সূত্র বলছে, আশপাশের উপজেলা থেকে রাতের আধারে জাটকা পাচার হয়ে স্থানীয় মৎস্য আড়তগুলোতে পৌঁছে যায়।
আর ভোরের আলো ফোটার আগেই পাইকারদের কাছে বিক্রি করে দেন আড়ত মালিকরা। জাটকা কেনাবেচা বন্ধে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ বলেন, জাটকা নিধন রোধে নদীতে অভিযান পরিচালনার পাশাপাশি বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
