×

বরিশাল

ইলিশ উৎপাদন বৃদ্ধি ও রক্ষায় সচেতনতার আহ্বান

Icon

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:১১ পিএম

ইলিশ উৎপাদন বৃদ্ধি ও রক্ষায় সচেতনতার আহ্বান

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় ২০২৫-২৬ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে পটুয়াখালী জেলা মৎস্য অফিসের আয়োজনে কুয়াকাটার হোটেল গ্রেভার ইনের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলীপুর, মহিপুর ও কুয়াকাটার প্রায় দেড় শতাধিক জেলে, আড়তদার ও মৎস্যজীবী অংশ নেন।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বরিশাল উপবিভাগীয় পরিচালক মো. মহসিন, দুমকী ও মির্জাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু এবং সাধারণ সম্পাদক হোসাইন আমির। সেমিনার সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।

সেমিনারে বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের পাঁচ বছর মেয়াদি ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জেলে ও মৎস্যজীবীদের অবহিত করেন মৎস্য কর্মকর্তারা।

এ সময় জেলে সমিতি ও আড়তদার সমিতির নেতারা সমুদ্রে ঝুঁকি মোকাবিলায় ঝুঁকি ভাতা প্রদান, নিরাপত্তা নিশ্চিতে কোস্ট রেডিও স্থাপন, উদ্ধার যান সরবরাহ এবং শতভাগ প্রণোদনার আওতায় আনার দাবি জানান। তাঁদের মধ্যে ছিলেন নিজাম শেখ, কামাল হোসেন, সোবহান মাঝি, নুরজামাল ও কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর সাবের আহমেদ। জেলেদের এসব দাবির বিষয়ে মৎস্য কর্মকর্তারা জানান, বিষয়গুলো সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মো. কামরুল হাসান বলেন, সমুদ্রে মাছ আহরণ ও বিপণনের মাধ্যমে জেলেরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই সরকার ইলিশ সম্পদ উন্নয়নের পাশাপাশি জেলেদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে পাঁচ বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বা মৃত জেলের পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া অবরোধকালীন সময়ে প্রণোদনা, অসচ্ছল জেলেদের গরু, জাল ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়েছে। তিনি বলেন, অবরোধকালীন সময়ে জেলেদের শতভাগ প্রণোদনার আওতায় আনতে কাজ করছে সরকার।

সেমিনারে বক্তারা জানান, ২০২৪-২৫ অর্থবছরে ৫ লাখ ৭১ হাজার টন ইলিশ আহরণ হয়েছে, যা সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম। ইলিশ রপ্তানির মাধ্যমে প্রতিবছর প্রায় ৩০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হলেও তা দেশের মোট জিডিপির মাত্র ১ শতাংশ। ইলিশ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মৎস্য খাতে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে কাজ করা হচ্ছে এবং এ ক্ষেত্রে জেলেরাই মূল চালিকাশক্তি।

সেমিনারে ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন বন্ধ এবং ছোট ফাঁসের জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেহরানে দফায় দফায় তীব্র বিস্ফোরণ

তেহরানে দফায় দফায় তীব্র বিস্ফোরণ

প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী আর নেই

লালমনিরহাট প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী আর নেই

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান, ৫ গরু জব্দ

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান, ৫ গরু জব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App