প্রায় দুই হাজার কোটি রুপির মালিক আমির খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০২:০১ পিএম
ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেতা ও ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান ৬১ বছরে পা রেখেছেন। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়ে তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অভিনয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও বলিউডের ধনী তারকাদের তালিকায় রয়েছে তার নাম।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আমির খানের মোট সম্পদের পরিমাণ প্রায় দুই হাজার কোটি রুপি। তিনি বসবাস করেন মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রমুখী একটি বিলাসবহুল বাড়িতে, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ কোটি রুপি। প্রায় পাঁচ হাজার বর্গফুট আয়তনের এই দুইতলা বাড়ির একটি অংশে রয়েছে তার ব্যক্তিগত অফিস।
এ ছাড়া মহারাষ্ট্রের পঞ্চগনি এলাকায় প্রায় দুই একর জমির ওপর নির্মিত একটি বাগানবাড়িও রয়েছে তার। বাড়িটি তিনি প্রায় সাত কোটি রুপিতে কিনেছিলেন। ব্যস্ত শহুরে জীবন থেকে অবসর পেলেই সেখানে সময় কাটাতে পছন্দ করেন এই অভিনেতা। শুধু ভারতে নয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস এলাকাতেও তার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৭৫ কোটি রুপি।
আরো পড়ুন: প্রীতম-মেহজাবীনের ‘ক্যাকটাস’ আসছে ১৮ মার্চ
সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে অনেক সময় নির্দিষ্ট পারিশ্রমিক নেওয়ার পরিবর্তে লাভের অংশ নেওয়ার কৌশল অবলম্বন করেন আমির খান। সেই হিসেবে একটি সিনেমা থেকে তার আয় প্রায় ৮০ কোটি রুপি পর্যন্ত হতে পারে। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকেও তিনি বড় অঙ্কের পারিশ্রমিক পান, যা প্রতি চুক্তিতে প্রায় ১২ কোটি রুপির কাছাকাছি।
বিলাসবহুল গাড়ির প্রতিও তার আগ্রহ রয়েছে। তার সংগ্রহে আছে মার্সিডিজ-বেঞ্জ এস৬০০ ও রোলস-রয়েসের মতো দামি গাড়ি।
অভিনয়, প্রযোজনা এবং বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ সব মিলিয়ে বলিউডের অন্যতম ধনী ও প্রভাবশালী তারকা হিসেবেই নিজের অবস্থান ধরে রেখেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।
