বকেয়া বেতনের দাবি
মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ০১:২৫ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকার মহাখালী বাস টার্মিনালের কাছে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের দুটি পোশাক কারখানার কর্মীরা।
বুধবার (২০ মে) সকালে অফিস শুরুর ব্যস্ত সময়ে রাজধানীর ওই গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ সময় বন্ধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ইমরান হোসেন জানান, নাসা অ্যাপারেলস ও ওয়েস্টার্ন ডেসেস লিমিটেডের শ্রমিকরা সকাল ১০টার দিকে তেজগাঁও লিংক রোড, নাবিস্কো ও মহাখালী বাস টার্মিনালের লাগোয়া রাস্তা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
তিনি বলেন, বেতন-ভাতার দাবিতে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় যানজটের সৃষ্টি হয়। পরে আমরা তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছি।
বিক্ষোভে থাকা শ্রমিকরা বলেন, এপ্রিল মাসের বকেয়া বেতন, কোরবানির ঈদের বোনাস, ২০২৫ সালের ছুটির টাকা, গত ডিসেম্বরের এরিয়ার বিলসহ বকেয়া পাওনার দাবিতে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে পোশাক কারখানার বক্তব্য জানা যায়নি।
এদিকে অবরোধের সময় রাস্তার দুই পাশ বন্ধ থাকায় মহাখালীর আশপাশের সড়ক ও অলিগলিতে যানজট ছড়িয়ে পড়ে।
মহাখালী টার্মিনালের স্বেচ্ছাসেবক জাহাঙ্গীর জানান, ওই সময় তারা পুলিশের সহায়তা নিয়ে সাতরাস্তামুখী গাড়িগুলোকে ইউটার্ন করিয়ে মহাখালী রেলগেটের দিকে পাঠিয়ে দেন।
সকালের ব্যস্ত সময়ে গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
শ্রমিকরা সরে যাওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান পুলিশ কর্মকর্তা ইমরান।
