লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৬:১৩ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইশফাত (২২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মো. রাফি (১৮) নামে আরো এক আরোহী।
শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইশফাত উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উজিরভিটা মজিদার পাড়ার মো. তৈয়বের ছেলে। আহত রাফি একই এলাকার মোহাম্মদ আবছারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইশফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাফিকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালককে আটক করে থানায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
