কোস্ট গার্ডের অভিযানে ১০ জলদস্যুসহ আটক ১৮
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১১:১৬ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজার উপকূলে পৃথক তিনটি অভিযানে কুখ্যাত জলদস্যু পারভেজ বাহিনীর ১০ সদস্য ও ৮ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে জলদস্যুদের কবল থেকে জিম্মি ৩ জেলেসহ গভীর সমুদ্রে ভাসমান ৯ বাংলাদেশি নাগরিক-মোট ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে কক্সবাজার কোস্ট গার্ড স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।
তিনি জানান, শুক্রবার রাত ৯টার দিকে কলাতলী সৈকতসংলগ্ন সমুদ্রে অভিযান চালায় কোস্ট গার্ড।
এ সময় একটি সন্দেহভাজন ফিশিং বোট পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে সেটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় পারভেজ বাহিনীর ১০ সক্রিয় সদস্যকে আটক এবং তাদের কবল থেকে জিম্মি ৩ জেলেকে উদ্ধার করা হয়।
এদিকে, শুক্রবার দিবাগত রাত ও শনিবার ভোরে বাঁকখালী নদীর মোহনা এবং চট্টগ্রাম উপকূলে পৃথক অভিযান চালানো হয়।
এসব অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৫ হাজার লিটার ডিজেল, লুব্রিকেন্ট ও গ্যাস সিলিন্ডারসহ ৫ পাচারকারীকে আটক করা হয়। এছাড়া ৪৫০ বস্তা সিমেন্টসহ আরও ৩ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
অন্যদিকে, মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবির শিকার ৯ বাংলাদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। গত ১ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জসংলগ্ন গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে ‘এমটি মেঘনা প্রাইড’ নামের একটি বাংলাদেশি জাহাজ। পরে শনিবার ভোররাত ২টায় উদ্ধার ব্যক্তিদের কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’র কাছে হস্তান্তর করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্ট গার্ড। পাশাপাশি উদ্ধার ১২ জনকে স্বজনদের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
