নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নাঙ্গলকোট কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১১:১২ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লার নাঙ্গলকোটে নির্মাণাধীন বিল্ডিং থেকে পড়ে মোস্তাফিজুর রহমান (১৭) নামে এক শ্রমিকের নির্মম মৃত্যু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে হোমনাবাদ ডিগ্রি কলেজের সামনে নির্মাণাধীন বিল্ডিংয়ের ৪ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়।
মৃত মোস্তাফিজুর রহমান নিলফামারীর ডিমলার কাকরা বাজার গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি ওই বিল্ডিংয়ের নির্মাণশ্রমিক ছিলেন।
জানা যায়, গত ১২ দিন আগে মোস্তাফিজ সও একই এলাকার ১০-১৫ জন নিলফামারী থেকে নাঙ্গলকোটে আসেন বিল্ডিং ঠিকাদার মোকাররমের কাজ করার জন্য। রোববার সকালে ঠিকাদারের হোমনাবাদ কলেজের সামনে ওসমানের নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজে গিয়ে কার্নিশের সেন্টারিং খোলার সময় কোনো প্রকার সেফটি না থাকায় ৪ তলা থেকে নিচে পড়ে যায়।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন।
মোস্তাফিজের চাচাতো ভাই আব্দুল কুদ্দুছের ছেলে আব্দুর রাজ্জাক বলেন, ঠিকাদারের অবহেলা ও সেফটি না থাকার কারণে ৪ তলা থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে। তিনি এর সঠিক বিচার দাবি করেন।
ঢালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমানের কাছে ৬ তলা ভবনের অনুমতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ এবং তিনি এ বিষয়ে কোনো কিছু জানেন না, ৬ তলা ভবনের কোনো অনুমতি নাই। বিল্ডিং মালিক ও ঠিকাদারকে ঘটনা স্থলে গিয়ে পাওয়া যায়নি।
নাঙ্গলকোট থানার এস, আই, শুভ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ফোন পেয়ে লাশ থানায় নিয়ে আসি এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা প্রেরণ করা হয়েছে। পরিবারে কাছ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
