একজন গ্রেপ্তার
৫ আগস্ট থানা থেকে লুট করা পিস্তল ৫০ হাজারে বিক্রি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:১০ পিএম
ছবি: চট্টগ্রামে থানা থেকে লুট করা পিস্তল বিক্রির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ
চট্টগ্রামে থানা থেকে লুট করা একটি পিস্তল ৫০ হাজার টাকায় বিক্রির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি) পশ্চিম বিভাগের অভিযানে মিনহাজ উদ্দিন রাহিম (২১) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবি পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে খুলশী থানার মতিঝরনা এলাকার ৩ নম্বর গলির কাছে অভিযান চালিয়ে মিনহাজকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় পলাতক সহযোগী আমির হোসেনকে সঙ্গে নিয়ে ডবলমুরিং থানা থেকে একটি বিদেশি পিস্তল লুট করেন। পরে সেটি ৫০ হাজার টাকায় আমির হোসেনের কাছে বিক্রি করেন।
মিনহাজের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশী থানার লালখান বাজার এলাকায় আমির হোসেনের বাসায় অভিযান চালায় পুলিশ। তবে টের পেয়ে আগেই তিনি পালিয়ে যান। পরে তার বাসা থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়, যা ডবলমুরিং থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, পলাতক আমির হোসেনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ২০১২ সালের একটি হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে খুলশী থানায় আরও একটি মামলা করা হবে।
