×

জাতীয়

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:০৯ পিএম

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

ছবি : সংগৃহীত

সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে খ্যাত দুর্গম ও ভয়ঙ্কর জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার দীর্ঘ সড়ক নেটওয়ার্ক নির্মাণের কাজ শুরু করেছে সেনাবাহিনী। আলীনগর থেকে একটি সড়ক ভাটিয়ারি-বড়দীঘি লিংক রোডে এবং অপর সড়কটি জলিল টেক্সটাইল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হবে।

সোমবার (৮ জুন) দুপুরে আলীনগর উচ্চ বিদ্যালয় থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে নির্মাণাধীন সড়কে সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল আল মাসুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জঙ্গল সলিমপুরে বসবাসরত মানুষের যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে সেনাবাহিনী ১০ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু করেছে।’ এই কাজ শেষ হতে ছয় মাস সময় লাগবে। প্রকল্পে বেশ কিছু কালভার্ট ও তিনটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাহাড়ধস রোধে ড্রেনেজ সিস্টেম, রিটেইনিং ওয়াল নির্মাণসহ প্রকৌশলগত শক্তিশালী কাঠামো তৈরির কথাও জানান তিনি।

সেনাবাহিনী নিজস্ব নিরাপত্তা বলয় ও শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে সড়ক নির্মাণে হাত দিয়েছে। পাশাপাশি র্যাব, পুলিশ ও বিজিবির নিরাপত্তা বলয়ও রয়েছে। সড়ক নেটওয়ার্কের কাজ শেষ হলে জঙ্গল সলিমপুরের সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনী সহজে চলাচল করতে পারবে এবং মহাসড়কের যানবাহন জরুরি প্রয়োজনে বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করতে পারবে।

এর আগে গত ২ জুন সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম সড়কগুলো পরিদর্শন করেন। এরপর থেকেই সেনাবাহিনীর আধুনিক সরঞ্জাম পাঠানো হয় দুর্গম পাহাড়ি এলাকায়।

সেনাবাহিনী অগ্রাধিকার দিয়ে আলীনগর উচ্চ বিদ্যালয়ের মোড় থেকে সেনাবাহিনীর ক্যাফে টুয়েন্টিফোর সংলগ্ন তিন নম্বর বাজারের সড়কটির নির্মাণকাজ শুরু করেছে। এই সড়কে পাহাড় কেটে আগেই পলাতক ইয়াসিন বাহিনী পালিয়ে যাওয়ার পথ তৈরি করে রেখেছিল। অপর সড়কটি জলিল টেক্সটাইল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, অভাবের কারণে এই দুর্গম এলাকায় জায়গা কিনে বসতি স্থাপন করেন তারা। চিকন একটি রাস্তা ছিল, ফলে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিকভাবে পিছিয়ে ছিল এই জনপদ। সেনাবাহিনী সড়ক নির্মাণ করায় আসা-যাওয়ার কষ্ট দূর হবে বলে তারা আশাবাদী। স্কুলের শিক্ষার্থীরাও জানায়, বৃষ্টি হলে আগে স্কুলে যেতে পারত না; কাদা ও পাহাড়ি পানির স্রোত ছিল বাধা। রাস্তা নির্মাণ হলে প্রতিদিন স্কুলে আসতে পারবে।

প্রসঙ্গত, ৩ হাজার ১০০ একরের জঙ্গল সলিমপুর কয়েক দশক ধরে অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত ছিল। পাহাড়ি খাসজমি দখল করে অবৈধ বসতি স্থাপন ও সশস্ত্র বাহিনী গড়ে তোলে তারা। পরে ‘ছিন্নমূল পুনর্বাসন’ প্রকল্পের নামে অবৈধ ভূমি বাণিজ্য গড়ে ওঠে। গত ১৯ জানুয়ারি অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র্যাব-৭ এর উপসহকারী পরিচালক নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এর পরিপ্রেক্ষিতে ৯ মার্চ যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান চালানো হয় এবং পরে স্থায়ী ক্যাম্প বসানো হয়। গত ২৪ মে সন্ত্রাসীরা একটি ক্যাম্পে হামলা চালিয়ে দেয়াল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় এবং পুলিশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে সড়ক কেটে ফেলে।

সর্বশেষ ৩১ মে জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই আলীনগর-জঙ্গল সলিমপুর আর কোনো সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না। পাশের বেতুয়া ও চা-বাগান এলাকায়ও সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে জানতে পেরেছি; সেখান থেকেও তাদের উচ্ছেদ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান ও এলজিইডি প্রকৌশলীসহ বিভিন্ন সংস্থার প্রধানরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App