ঝড়ে উড়ন্ত টিনের চাল কেড়ে নিলো ব্যক্তির প্রাণ
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:৩০ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে আকস্মিক ঝড়-বৃষ্টিতে নির্মাণাধীন টিনের ঘরের চাল পড়ে নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (৩ মে) দুপুরে উপজেলার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম ওই গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শমসের আলীর ছেলে।
পারিবারিক সূত্র জানায়, দুপুরে নিজের বাড়ির নির্মাণাধীন টিনের ঘরে কাজ করছিলেন তিনি। এসময় হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হলে ঘরের টিনের চাল ও কাঠের কাঠামো ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ঝড়ের তীব্রতা এতটাই ছিলো যে অল্প সময়েই নির্মাণাধীন ঘরটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই গুরুতর জখম হন নুরুল ইসলাম।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
