×

চট্টগ্রাম

আখাউড়ার বাজারে আগাম লিচু, স্বাদ নিয়ে ক্রেতাদের হতাশা

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:০৬ পিএম

আখাউড়ার বাজারে আগাম লিচু, স্বাদ নিয়ে ক্রেতাদের হতাশা

ছবি: ভোরের কাগজ

গ্রীষ্মের দুপুরে বাজারজুড়ে এখন লাল রঙের উৎসব। বাঁশের ঝুড়ি আর ডালাভর্তি টসটসে লিচু দূর থেকেই ক্রেতাদের ডাকছে। রোদের তাপে হাঁসফাঁস করা মানুষ একটু মিষ্টি স্বাদের আশায় ভিড় করছেন ফলের দোকানে। তবে বাহারি রঙে সাজানো এসব লিচুর বেশির ভাগেই নেই মৌসুমের সেই চেনা রস আর মাধুর্য। আগাম বাজারে ওঠা অপরিপক্ব লিচু কিনে অনেকেই পড়ছেন বিড়ম্বনায়।

পৌর শহরের সড়ক বাজার ঘুরে দেখা গেছে, প্রতি শ’ লিচু বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকায়। দাম চড়া হলেও ক্রেতাদের আগ্রহ কম নয়। তবে অনেকের অভিযোগ, দেখতে আকর্ষণীয় হলেও স্বাদে টক, ভেতরে রস কম এবং অনেক লিচুই পুরোপুরি পরিপক্ব নয়।

ক্রেতা আফজাল মিয়া বলেন, গরমে পরিবারের শিশুদের জন্য শখ করে লিচু কিনছেন। কিন্তু বাড়িতে নিয়ে খাওয়ার পর হতাশ হতে হচ্ছে। বাইরে লাল হলেও ভেতরে কাঙ্ক্ষিত মিষ্টতা নেই। পৌর শহরের সড়ক বাজারের ফল বিক্রেতা ইদ্রিস মিয়া বলেন, “এখনো আসল মৌসুম শুরু হয় নাই। যেগুলো বাজারে আসতেছে, বেশির ভাগই আগাম তোলা। দাম বেশি, কিন্তু স্বাদ কম। তারপরও মানুষ নতুন ফল দেখে কিনতেছে।”

চিকিৎসকেরাও আগাম ও অপরিপক্ব লিচু খাওয়ার বিষয়ে সতর্ক করছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান বলেন, “অপরিপক্ব ও কেমিক্যাল ব্যবহার করা লিচু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে পেটের সমস্যা, বমি বা অ্যালার্জির ঝুঁকি থাকে। তাই মৌসুম না হওয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে।”

কৃষি বিভাগ বলছে, এখনো পুরোপুরি লিচুর মৌসুম শুরু হয়নি। প্রকৃত সময়ের আগেই বেশি লাভের আশায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও কিছু চাষি অপরিপক্ব লিচু বাজারে তুলছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা জানান, “এখনো পুরোপুরি লিচুর মৌসুম শুরু হয়নি। মৌসুম শুরু হতে কমপক্ষে আরও ১০ দিন লাগবে। বেশি দামের আশায় কিছু চাষি আগাম লিচু তুলছেন। এসব লিচু খুবই টক হয় এবং স্বাভাবিক স্বাদ পাওয়া যায় না।”

তিনি আরও বলেন, প্রকৃত মৌসুমে গাছে থাকা লিচু স্বাভাবিকভাবেই রসালো ও মিষ্টি হয়। সময়ের আগে সংগ্রহ করলে ফলের গুণগত মান নষ্ট হয়। এতে একদিকে যেমন ক্রেতারা প্রতারিত হন, অন্যদিকে বাজারেও নেতিবাচক প্রভাব পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূর্বধলায় সম্প্রসারণ হবে ১২ কিমি রেললাইন

পূর্বধলায় সম্প্রসারণ হবে ১২ কিমি রেললাইন

স্বাক্ষর জাল ও দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত

স্বাক্ষর জাল ও দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত

অফিসে না থেকেও বেতন তোলেন বন বিভাগের বিট কর্মকর্তা

অফিসে না থেকেও বেতন তোলেন বন বিভাগের বিট কর্মকর্তা

বিষখালী ভাঙন রোধে ২৪ কিমি বেড়িবাঁধের আশ্বাস এমপি জামালের

বিষখালী ভাঙন রোধে ২৪ কিমি বেড়িবাঁধের আশ্বাস এমপি জামালের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App