ছাত্রলীগ নেতার পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৮:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর আহত এবং পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত ওই নেতা বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, আহত জাকারিয়া হাসান জিলান সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বাড়বকুণ্ড ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা জাকারিয়াকে কুপিয়ে ও পায়ের রগ কেটে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলতাফ হোসেন বলেন, মুমূর্ষু অবস্থায় একজন রোগীকে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং পায়ের রগ কাটা ছিল বলে ধারণা করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা বিষয়টি তদন্ত করছি।” ওসি আরও জানান, ঘটনার পেছনে জমি সংক্রান্ত বিরোধ বা রাজনৈতিক কারণ থাকতে পারে বলে বিভিন্ন ধরনের তথ্য শোনা যাচ্ছে। তবে তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
আহত জাকারিয়া হাসান জিলান সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মরহুম হারুনের ছেলে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে বিস্তারিত তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় এলাকায় ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে।
