শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে আলোচিত ১১ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনার পর পলাতক আসামি রাজীবকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ মে) ভোর সোয়া ৪টায় তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল জানান, ‘বুধবার ভোর সোয়া ৪টায় হাটহাজারী থানার এসআই রূপন নাথের নেতৃত্বে একটি টিম মীরসরাই থানাধীন খৈয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।’
পুলিশ জানায়, গত ২৬ মার্চ হাটহাজারীর আমান বাজারের পূর্ব পাশে অবস্থিত একটি তুলার গুদামে ফয়সাল (১৯) নামে এক যুবক ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর ফয়সালের সহযোগী রাজীব তাকে পুনঃরায় ধর্ষণের চেষ্টা করলে ভিকটিম চিৎকার করতে উদ্যত হয়। এ সময় ফয়সাল ও রাজীব মিলে তাকে নৃশংসভাবে হত্যা করে। ধারালো ছুরি ও ভোতা অস্ত্র দিয়ে আঘাত করে মুখমণ্ডল বিকৃত করা হয় এবং বাম চোখ উপড়ে ফেলা হয়। পরে ভুক্তভোগীর লাশ তুলার গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখা হয়।
এ ঘটনায় ফয়সালকে গত (২১ মে) নরসিংদী জেলার রায়পুরা থানাধীন নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে হাটহাজারী থানা পুলিশ গ্রেপ্তার করে।
