বান্দরবানে গুলি করে ইউপিডিএফ কর্মীকে হত্যা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ১০:২৮ পিএম
নিহত জলন্ত তঞ্চঙ্গ্যা
বান্দরবান সদর উপজেলার টংকাবতী এলাকায় ইউপিডিএফের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত জলন্ত তঞ্চঙ্গ্যা (৩৫) রাজবিলা ইউনিয়নের ঠ্যাংলুংপাড়ার বাসিন্দা।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অশোক কুমার পাল বলেন, টংকবতি এলাকায় একজনকে গুলি করে হত্যা করা হয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানা যাবে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে জলন্ত তঞ্চঙ্গ্যা মোটরসাইকেলে করে টংকাবতীর এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে ব্রিক ফিল্ড এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে এলাকার লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এর জন্য জেএসএস মূল দলকে দায়ী করছে ইউপিডিএফ গণতান্ত্রিক (ইউনাইটেড ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট)।
এ বিষয়ে ইউপিডিএফের বান্দরবান জেলার সাধারণ সম্পাদক উবামং মার্মা জানান, জলন্ত তঞ্চঙ্গ্যা এক সময় জেএসএস মূল দলের সক্রিয় সদস্য ছিলেন। বছরখানেক আগে তিনি জেএসএস ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। পরে ইউপিডিএফের সমর্থক হয়ে কাজ করছিলেন। এ কারণে জেএসএস সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।
