নোয়াখালী-৪ আসনে নৌকার দুই মনোনয়ন প্রার্থীর কোলাকুলি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ১১:১০ পিএম
ছবি: ভোরের কাগজ
পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও আরেক মনোনয়ন প্রত্যাশী জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ভ্রাতুষ্পুত্র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন কুশল বিনিময় শেষে কোলাকুলি করেছেন।
শনিবার সকালে নোয়াখালী জেলা জামে মসজিদে ঈদের নামাজ আদায় করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন দুই নেতা। এসময় একে-অপরের মুখোমুখি হলে দুই নেতার মধ্যে কুশল বিনিময় ও কোলাকুলি হয়।
পরে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এনিয়ে জেলায় ব্যাপক আলোচনা তৈরি হয়। সাধারণ মানুষের মন্তব্য হলো, দুই নেতার এই কুশল বিনিময়ে কি শান্তির বার্তা বইতে শুরু করছে?
সাম্প্রতিক একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার দেওয়া বক্তব্যে নোয়াখালীর আওয়ামী রাজনীতিতে গ্রুপিং বিরাজ করায় একরামুল করিম চৌধুরীর চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে অবস্থান নেন শিহাব উদ্দিন শাহিন। প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে দলীয় মনোনয়ন লড়াইয়ে মাঠ চষে বেড়াচ্ছেন শাহিন। তাই ঈদুল ফিতরের কুশল বিনিময় ও কোলাকুলির ছবিটি ব্যাপক আলোচনায় ওঠে আসে।
