সাতক্ষীরা
প্রবাসীর স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসীর স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা নতুন বাজারের ওয়াহেদের মোড় এলাকার একটি বাড়ি থেকে ওই মরদেহটি উদ্ধার হয়।
মৃত শারমীন সুলতানা (৩০) ওই গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী। আব্দুল হান্নান মালয়েশিয়া প্রবাসী। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে একটি মেয়ে প্রবাসীর স্ত্রীকে বাড়িতে ডাকতে গিয়ে তাকে দগ্ধ হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
কলারোয়া থানার ওসি এইচএম শাহীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির রান্না ঘরে ওই মহিলার দগ্ধ মরদেহ দেখতে পায়। বৈদ্যুতিক সর্টসার্কিট বা চুলার আগুন থেকে দগ্ধ কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি ও ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহ করে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।
