এবার দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পিএসএল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৬:০৮ পিএম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগেও। সরকারি সাশ্রয়ী নীতির অংশ হিসেবে আসন্ন আসরের ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রোববার (২২ মার্চ) লাহোরে সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ম্যাচই হবে দর্শক ছাড়াই। একই সঙ্গে পুরো টুর্নামেন্ট সীমিত রাখা হয়েছে মাত্র দুটি ভেন্যু; করাচি ও লাহোরে, যাতে দলগুলোর ভ্রমণ কমানো যায়।
নকভি বলেন, ‘বর্তমান পরিস্থিতি কতদিন স্থায়ী হবে, আমরা জানি না।’
তিনি আরও জানান, জনসাধারণের চলাচল কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
১১তম আসরের পিএসএল শুরু হবে ২৬ মার্চ, চলবে ৩ মে পর্যন্ত।
উদ্বোধনী ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসম্যান।
পরিস্থিতি সত্ত্বেও টুর্নামেন্ট আয়োজনের পক্ষে মত দিয়েছেন পিসিবি প্রধান। তার ভাষায়, ‘পিএসএল একটি আন্তর্জাতিক ব্র্যান্ড, যেখানে বিদেশি খেলোয়াড়ও অংশ নেয়। সবাই চায় এটি আয়োজন হোক।’
দর্শক ছাড়া ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে যেসব সমর্থক টিকিট কিনেছেন, তাদের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন নাকভি। একই সঙ্গে এ জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই বলেও জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান। তার মতে, ‘কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।’
তিনি গোয়েন্দা সংস্থাগুলোর ভূয়সী প্রশংসা করে বলেন, সম্ভাব্য হুমকিগুলো আগেই প্রতিহত করা হয়েছে।
