নিউমার্কেট এলাকায় গুলিতে নিহতের পরিচয় ‘শীর্ষ সন্ত্রাসী টিটন’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত যুবকের পরিচয় জানিয়েছে পুলিশ। নিহতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তে পর দেখা যায়, গুলিতে নিহত ব্যক্তি ২০০১ সালে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ২ নম্বরে থাকা শীর্ষ সন্ত্রাসী টিটন।
তার পুরো নাম খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি হাজারীবাগের জিগাতলা এলাকার সুলতানগঞ্জের বাসিন্দা কে এম ফকরুদ্দিনের ছেলে।
টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় তাঁকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকার ২ নম্বরে তার নাম ছিল। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তর্কোন্দলে তাঁকে হত্যা করা হয়েছে।
নিউমার্কেট থানা সূত্র জানায়, রাত পৌনে আটটার দিকে মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। খুব কাছ থেকে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচ থেকে ছয়টি গুলি করে। এরপর দ্রুততম সময়ে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২৭ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।
টিটন দীর্ঘ ২০ বছর কারাগারে থাকার পর গত বছরের (২০২৫) মাঝামাঝি সময়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পান। তবে জামিনের পর আদালতে নিয়মিত হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সবশেষ গোয়েন্দা তথ্য অনুযায়ী, জামিনে মুক্তির পর তিনি কিছুদিন দুবাই ও সুইডেনে অবস্থান করেছিলেন এবং সেখান থেকেই অপরাধ জগত নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। তবে সে কবে আবার দেশে ফিরেছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
