আলফাডাঙ্গায় ভিজিএফ চাল বিতরণ শুরু
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৪:১৯ পিএম
ছবি: কাগজ প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় ভিজিএফ (VGF) কার্ডের মাধ্যমে গরিব ও দুঃস্থ মানুষের মাঝে চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ঈদের আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ভাগাভাগি করে দিতে সরকারের এই উদ্যোগে স্বস্তি ফিরে পেয়েছে নিম্ন আয়ের পরিবারগুলোয়।
বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত নূর মৌসুমী।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. হারুনার রশীদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. হারুনার রশীদ জানান, আসন্ন ঈদ উপলক্ষে আলফাডাঙ্গা পৌরসভায় মোট ৩ হাজার ৮৫টি ভিজিএফ কার্ড বিতরণ করা হচ্ছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেওয়া হবে। এ জন্য সরকার থেকে মোট ৩০ দশমিক ৮৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
চাল নিতে আসা হতদরিদ্র কয়েকজন উপকারভোগী জানান, ঈদের আগে সরকারের এই সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি। পৌরসভার এক বৃদ্ধা উপকারভোগী বলেন, আমাদের মতো গরিব মানুষের জন্য এই চাল অনেক বড় সহায়তা। এতে অন্তত ঈদের সময় পরিবারের জন্য খাবারের চিন্তা কিছুটা কমবে।
আরেক উপকারভোগী বলেন, দ্রব্যমূল্যের এই সময়ে সংসার চালানো খুব কষ্টকর হয়ে গেছে। সরকারের দেওয়া এই চাল পেয়ে আমরা সত্যিই উপকৃত হচ্ছি। এতে ঈদের আনন্দটা পরিবার নিয়ে কিছুটা হলেও উপভোগ করতে পারব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত নূর মৌসুমী বলেন, সরকারের লক্ষ্য হলো সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো। ভিজিএফ কর্মসূচির মাধ্যমে এসব পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে তারাও ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন।
তিনি আরও বলেন, সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি শুধু খাদ্য সহায়তাই নয়, বরং সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়। এর মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে এবং ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে।
