সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:১৪ পিএম
ছবি: প্রতীকি
সরকারবিরোধী প্রচারণা রোধে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন ওয়েবসাইটে যেসব কন্টেন্ট প্রকাশ করা হয়, তা ‘ব্লক’ ও ‘ফিল্টার’ করার সক্ষমতা বাড়াতে দামি ও নতুন প্রযুক্তি পেতে যাচ্ছে আলোচিত ন্যাশনাল টেলিকমিউনিকেশন্স মনিটরিং সেন্টার (এনটিএমসি)।
বুধবার (২০ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এনটিএমসির জন্য ‘এক্সপানশন অব কন্টেন্ট ব্লকিং অ্যান্ড ফিল্টারিং সিস্টেম (ফেইজ-১)’ -এর ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়ার তথ্য দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর জন্য বিভিন্ন দেশের নানান ব্র্যান্ডের সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’ এর সঙ্গে চুক্তির আওতায় ৯৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার ১৩৭ টাকা খরচ হবে বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
তবে এ চুক্তির আওতায় এনটিএমসি কী পণ্য বা যন্ত্র কিনবে তার বিস্তারিত সভার আলোচ্য বিষয়ের মধ্যে তুলে ধরা হয়নি।
এদিন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল (দুই লিটার বোতলে) এবং এক কোটি লিটার পরিশোধিত পাম অলিন (দুই লিটার বোতলে) কেনার সিদ্ধান্ত হয়। এছাড়াও ২০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্তে সায় মেলে সভায়।
