ইয়াবা-হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
সাভার ও আশুলিয়ার পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইনসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ডিবির ওসি মোঃ সাইদুল ইসলাম। এর আগে শনিবার রাতে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে সাভারের বক্তারপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহীন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
এরপর রাতে সাভার মডেল থানাধীন আক্রান এলাকায় অভিযান চালিয়ে মো. আলীম মোল্লা (৩৮) ও মো. আকাশ (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক ২১ হাজার টাকা।
পরবর্তীতে রাত সাড়ে ১০ টার দিকে আশুলিয়া থানার জামগড়া কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে মো. জসিম তালুকদার (৩৮), মো. রেজাউল করিম (২৪), আকবর হোসেন (৩২) ও নাজমুল হক (২৫) নামে আরও চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৭০০ পুরিয়া হেরোইন (প্রায় ৭০ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রেজাউল করিমের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
