পাটুরিয়া
কালবৈশাখীর তাণ্ডবে ডুবে গেল দুই ট্রলার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৫:০১ পিএম
ছবি: এআই নির্মিত
মানিকগঞ্জের পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ভুট্টাবোঝাই দুটি ট্রলার ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক কালবৈশাখী ঝড় ও দমকা হাওয়ার কারণে যমুনা নদীতে তীব্র ঢেউয়ের সৃষ্টি হয়। এ সময় ফেরিঘাটের পন্টুনের পেছনে বাঁধা থাকা ভুট্টাবোঝাই দুটি ট্রলার পানিতে তলিয়ে যায়।
প্রাথমিকভাবে ডুবে যাওয়া ট্রলারগুলোর একটির মালিকের নাম শাহিন বলে জানা গেছে। তবে অপর ট্রলারটির মালিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নদীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তারা।
