পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
কাগজ প্রতিবেদক গাজীপুর
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:০৮ পিএম
ছবি: সংগৃহীত
গাজীপুরে ‘বাংলাদেশে প্যান এশিয়া ক্লদিং লিমিটেড’ নামে একটি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে মহানগরীর ভোগড়া (চৌধুরী বাড়ি) এলাকার ওই কারখানার শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা কর্তৃপক্ষ সাময়িকভাবে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।
কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে প্রায় ২ হাজার ২০০ শ্রমিক কাজে যোগ দেন। কাজ শুরুর ঘণ্টা দুয়েক পর সকাল ১০টার দিকে হঠাৎ কয়েকজন শ্রমিক মাথা ঘুরে পড়ে যান এবং তাদের বমি শুরু হয়। মুহূর্তের মধ্যেই অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে। দ্রুত কারখানা কর্তৃপক্ষের সহযোগিতায় অসুস্থদের উদ্ধার করে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল এবং গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ ৫০ জন শ্রমিকের মধ্যে অধিকাংশই প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে ১৫ জন শ্রমিক এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে, বর্তমানে ভর্তিকৃত সকল শ্রমিক আশঙ্কামুক্ত।
কারখানার শ্রমিক সোহেল, মারুফা ও একরামুল জানান, প্রতিদিনের মতো সকালেই তারা কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু সকাল ১০টার দিকে হঠাৎ কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করতে থাকেন। মুহূর্তের মধ্যে অসুস্থ শ্রমিকের সংখ্যা অর্ধশত ছাড়িয়ে গেলে কারখানা কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের দ্রুত স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল এবং গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন শ্রমিকদের মধ্যে অধিকাংশ প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও ১৫ জন এখনো হাসপাতালে রয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে হাসপাতালে ভর্তিকৃত সকল শ্রমিকই আশঙ্কামুক্ত।
কারখানার সিনিয়র এক্সিকিউটিভ হারুন-অর রশিদ জানান, ‘সকালে কাজ শুরুর কিছুক্ষণ পর হঠাৎ কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করেন। এরপর প্রায় অর্ধশতাধিক শ্রমিক মাথা ঘুরে পড়ে গেলে দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে আজ কারখানায় ছুটি দেওয়া হয়েছে।’
গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান জানান, শ্রমিকরা মূলত এক ধরণের মনস্তাত্ত্বিক রোগে (ম্যাস সাইকোজেনিক ইলনেস) আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এটি সাধারণত আতঙ্ক বা মানসিক চাপের কারণে হতে পারে। অসুস্থদের মধ্যে প্রধানত মাথা ঘোরানো ও বমির উপসর্গ দেখা গেছে।
