মাদারীপুরে হামে আক্রান্ত ছাড়াল ৩৬৫, এক শিশুর মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:০৮ পিএম
ছবি: সংগৃহীত
মাদারীপুরে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত মাদারীপুরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩৬৫ জনে। যাদের মধ্যে অধিকাংশ-ই শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকালে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়।
হাসপাতালের তথ্যানুযায়ী, হামের উপসর্গ নিয়ে জেলার সবচেয়ে বড় সরকারি এই হাসপাতালে বিপুল সংখ্যক রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় তিন শিশুসহ হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে ১৪ জন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য আলাদা একটি আইসোলেশন ইউনিট বা কর্নার খোলা হয়েছে। সেখানে ভর্তি হওয়া রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অখিল সরকার হামের লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, ‘শিশুদের শরীরে হামের কোনো উপসর্গ দেখা দিলে ভয় বা আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিক হাতের কাছের সরকারি হাসপাতালে ছুটে আসতে হবে। পাশাপাশি শিশুদের তরলজাত খাবার খাওয়াতে হবে।’
তিনি আরো জানান, এই রোগের প্রতিরোধক টিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত মজুদ রয়েছে।
