×

রোগব্যাধি

টিকার অব্যবস্থাপনায় ২৬ রোগের বিস্তার, সংকটে জনস্বাস্থ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম

টিকার অব্যবস্থাপনায় ২৬ রোগের বিস্তার, সংকটে জনস্বাস্থ্য

ছবি : সংগৃহীত

দেশের স্বাস্থ্য খাতে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লেগেছে। বিগত অন্তর্বর্তী সরকারের সময় কেনাকাটা নিয়ে জটিলতার কারণে ১১টি রোগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু টিকার সংকট তৈরি হয়। এতে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়। পাশাপাশি ১৫টি রোগের বিরুদ্ধে প্রতিরোধমূলক কার্যক্রম বন্ধ করার কারণে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে সংক্রামক ও অসংক্রামক মিলিয়ে অন্তত ২৬টি রোগ ছড়িয়ে পড়তে শুরু করেছে। এটি আরো বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচির (এইচপিএনএসপি) আওতায় ১৯৯৮ সাল থেকে দেশে রোগ প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এটি সেক্টর প্রোগ্রাম নামে পরিচিত। বিভিন্ন অপারেশন প্ল্যানের (ওপি) মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন হতো। এর আওতায় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, অবকাঠামো উন্নয়ন, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ, প্রশিক্ষণ, গবেষণাসহ মোট ৩৮টি কর্মসূচি পরিচালিত হয়। সরকারি অর্থায়ন ও দাতা সংস্থার সহায়তায় পাঁচ বছর পরপর এই কর্মসূচি নবায়ন করা হতো।

চতুর্থ এইচপিএনএসপি শেষ হয় ২০২৪ সালের জুন মাসে। জুলাইয়ে এক লাখ ছয় হাজার ১০০ কোটি টাকার পঞ্চম এইচপিএনএসপি শুরু হয়ে ২০২৯ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত বছরের মার্চে হঠাৎ করে ওপি বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্টরা জানান, গত দুই বছরে মাত্র পাঁচটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন হয়েছে। এতে রোগ প্রতিরোধ কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে এবং এর প্রভাব পড়ছে পুরো স্বাস্থ্য ব্যবস্থায়।

ওপি বন্ধ হওয়ায় হাম ও রুবেলা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, যক্ষ্মা, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, হেপাটাইটিস, রক্তস্বল্পতা (অ্যানিমিয়া), গর্ভকালীন জটিলতা, কালাজ্বর, বুদ্ধিপ্রতিবন্ধিতা বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, নারী ও প্রসূতি রোগ, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কৃমি, রাতকানা, টাইফয়েড, পোলিও, এইচআইভি, ডিপথেরিয়া, পার্টুসিস, ধনুষ্টংকার, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, চর্মরোগ, মানসিক স্বাস্থ্য সমস্যা, অন্ধত্বসহ ২৬টি রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে। এরই মধ্যে সংক্রামক রোগ, অসংক্রামক রোগ, প্রাথমিক স্বাস্থ্য, বিকল্প চিকিৎসা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, অপুষ্টি, রোগপ্রবণতা ও শিশুমৃত্যুর হার বাড়তে শুরু করেছে।

আরো পড়ুন : হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ওপি বন্ধ হওয়ায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে বিরূপ প্রভাব পড়েছে। মাতৃ ও শিশু স্বাস্থ্য অপারেশন প্ল্যানের আওতায় ইপিআই পরিচালিত হতো। গ্যাভির আর্থিক সহায়তায় ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা হতো। এতে সময় ও জটিলতা কম ছিল। কিন্তু হঠাৎ ইউনিসেফকে বাদ দিয়ে টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আবার ইউনিসেফকে যুক্ত করতে গিয়ে দীর্ঘ সময় ব্যয় হয়। এতে গত বছরের ডিসেম্বর পর্যন্ত টিকা সরবরাহে ঘাটতি দেখা দেয়। অনেক শিশু নির্ধারিত সময়ে পূর্ণ বা আংশিক ডোজ পায়নি।

ইপিআই কর্মকর্তারা জানান, শিশুদের সাতটি টিকার মাধ্যমে ১১টি রোগ প্রতিরোধ করা হয়। এর মধ্যে রয়েছে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, ওপিভি, আইপিভি, পিসিভি, এমআর ও টিসিভি টিকা। রোটাভাইরাস ডায়রিয়া প্রতিরোধে টিকাও দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, টিকা কার্যক্রম দীর্ঘদিন ব্যাহত থাকায় রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বেনজীর আহমেদ বলেন, অপারেশন প্ল্যান বন্ধ হওয়ায় স্বাস্থ্য খাতে বড় ক্ষতি হয়েছে এবং সংক্রামক ও অসংক্রামক রোগ উভয়ই বাড়ছে। বিকল্প পরিকল্পনা ও অর্থায়ন ছাড়াই ওপি বন্ধ করা হয়েছিল। ফলে এখনো নতুন ডিপিপি তৈরি ও বাস্তবায়ন কার্যক্রমে বিলম্ব হচ্ছে।

বর্তমানে ৩৮টি কর্মসূচির জন্য নিয়োজিত ৪৫ হাজারের বেশি কর্মীর বড় অংশ বেতনবঞ্চিত রয়েছে, যা স্বাস্থ্য ব্যবস্থায় আরো সংকট তৈরি করছে।

আরো পড়ুন : এক সপ্তাহে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচি, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ, ডেঙ্গু জরিপ, কালাজ্বর নিয়ন্ত্রণসহ বহু গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ রয়েছে। এতে শিশু ও প্রান্তিক জনগোষ্ঠী বড় ঝুঁকিতে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, যক্ষ্মা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও মানসিক স্বাস্থ্য কর্মসূচিও কার্যত স্থবির হয়ে পড়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সি বলেন, কোনো প্রস্তুতি ছাড়াই ওপি বন্ধ করায় দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত কার্যকর পরিকল্পনা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। যদিও জরুরি ভিত্তিতে নতুন ডিপিপি ও ওষুধ সরবরাহ ব্যবস্থা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

সব মিলিয়ে, টিকা ও রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থার অব্যবস্থাপনা দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে, যা দ্রুত সমাধান না করলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আকর্ষনীয় বেতনে নিটল-নিলয় গ্রুপে চাকরির সুযোগ

আকর্ষনীয় বেতনে নিটল-নিলয় গ্রুপে চাকরির সুযোগ

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়েছে

প্রধানমন্ত্রী বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়েছে

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ইরানে আইআরজিসির অভিযান, গ্রেপ্তার শতাধিক

ইরানে আইআরজিসির অভিযান, গ্রেপ্তার শতাধিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App