রাজধানীতে সবজির বাজারে আগুন, কেজিতে বেড়েছে ১০–৩০ টাকা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর কাঁচাবাজারে আবারও সবজির দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। গত এক সপ্তাহে কেজিপ্রতি সবজির দাম ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। কুড়াতলী ও ঢালী এলাকার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, টানা বৃষ্টি, পরিবহন ব্যয় বৃদ্ধি, সরবরাহ সংকট এবং মৌসুমের শেষ পর্যায় হওয়ায় সবজির দাম বেড়েছে।
সোমবার (৬ এপ্রিল) কুড়াতলী ও ঢালী এলাকার বাজার পরিদর্শনে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দাম গত ৭ দিনের তুলনায় কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে বেগুন, করলা, বরবটি, ঢেঁড়স, শসা ও কাঁচা মরিচের দাম। বর্তমানে বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা। গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি, যা আগে ছিল ৭০ টাকা। ঢেঁড়সের দাম বেড়ে হয়েছে ৮০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৫০ টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে, যা গত সপ্তাহে ১০০ থেকে ১২০ টাকার মধ্যে ছিল। করলা এখন ৮০ টাকা কেজি, যা আগে ছিল ৭০ টাকা।
আরো পড়ুন : খাদ্য সংকটের দিকে এগোচ্ছে বিশ্ব
তবে কিছু পণ্যের দাম তুলনামূলক কম রয়েছে। টমেটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ টাকায়। আলুর দাম ২০ টাকা কেজি এবং পেঁয়াজ ৪০ টাকা কেজি।
মুরগির বাজারেও দাম বেড়েছে। ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে, যা গত সপ্তাহে ছিল ১৭০ টাকা। সোনালী মুরগির দাম বেড়ে হয়েছে ৩৪০ টাকা, যা আগে ছিল ৩২০ টাকা।
মাছের বাজারেও মূল্যবৃদ্ধির প্রভাব দেখা গেছে। দেড় কেজি সাইজের রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি, চিংড়ি ৮৫০ টাকা এবং তেলাপিয়া ২২০ টাকা কেজিতে। মাছের দাম গড়ে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
কুড়াতলী বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী নয়ন বলেন, গত সপ্তাহে যে সবজি ৬০-৭০ টাকায় কিনেছেন, এখন একই সবজি ৯০-১০০ টাকায় কিনতে হচ্ছে, যা সীমিত আয়ের মানুষের জন্য কষ্টকর।
গার্মেন্ট শ্রমিক রুদ্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারে এসে পণ্যের দাম শুনলে দম বন্ধ হয়ে আসে। এভাবে চলতে থাকলে শহরে টিকে থাকা কঠিন হয়ে যাবে।
রবিন নামে আরেক ক্রেতা বলেন, সবজির বাড়তি দামের কারণে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো বেশি চাপে পড়ছে।
বিক্রেতা শাজাহান বলেন, সরবরাহ কম থাকলে দাম বাড়ে, এটাই স্বাভাবিক। তার ওপর জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যয়ও বেড়েছে। বেশি দামে কিনে কম দামে বিক্রি করা সম্ভব নয় বলেও তিনি জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন মৌসুমের সবজি বাজারে এলে দাম কিছুটা কমতে পারে।
আলু ও পেঁয়াজের পাইকারি বিক্রেতা সজীব হোসেন জানান, আগের তুলনায় পরিবহন ব্যয় বস্তাপ্রতি প্রায় ১২০ টাকা বেড়েছে, ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়ছে।
