বাজারে সবজি এখন নাগালের বাইরে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর বাজারগুলোতে সবজির দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। পরিবহন ব্যয় বৃদ্ধি, মৌসুম শেষ হওয়া এবং সরবরাহ কমে যাওয়ায় বেশিরভাগ সবজি এখন ১০০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দাম আগের তুলনায় অনেক বেশি।
বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ১০০ টাকায়, কাঁকরোল ১৬০ টাকা, বেগুন ১০০ থেকে ১৪০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, ধুন্দুল ১০০ টাকা, করলা ১০০ টাকা, শসা ১০০ টাকা এবং বরবট ১০০ টাকায় বিক্রি হচ্ছে। চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
অন্যদিকে, মূলা ৬০ টাকা, টমেটো ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কাঁচা কলা ৪০ টাকা (প্রতি হালি) এবং কচুর লতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, গত কয়েক সপ্তাহ ধরেই সবজির দাম অস্বাভাবিকভাবে বেশি। রাজধানীর শান্তিনগর বাজারে বাজার করতে আসা চাকরিজীবী মুকিদুর রহমান বলেন, 'বেশিরভাগ সবজি এখন ১০০ টাকার ওপরে। বাজার মনিটরিং না থাকায় দাম নিয়ন্ত্রণে নেই।'
অন্যদিকে বিক্রেতারা বলছেন, মৌসুম শেষ হয়ে যাওয়া, পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে খুচরা বাজারে দাম বেড়েছে। মালিবাগ ও রামপুরা এলাকার বিক্রেতাদের মতে, নতুন সবজি বাজারে না আসা পর্যন্ত দাম উচ্চই থাকবে।
